তীরে এসে তরী ডুবল বেঙ্গালুরুর
আজকের ম্যাচটা জিতলেই গ্রুপ পর্বের বাধা পেরিয়ে যেতে পারত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ডেকান চার্জার্সের বিপক্ষে মাত্র ৯ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গত দুই আসরের রানার্স আপদের। আর এই হারের ফলে এবারের আসর থেকে বিদায়টা নিশ্চিতই হয়ে গেল কোহলি-গেইল-দিলশান-মুরালিধরনদের।জয়ের জন্য ১৩৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে গোটা ইনিংসেই খুব একটা সুবিধা করে উঠতে পারেনি বেঙ্গালুরু। ডেইল স্টেইন আর আশিস রেড্ডির দুর্দান্ত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করেই মাঠ ছাড়তে হয় তাদের। গেইল যথারীতি ঝোড়ো গতির ব্যাটিং দিয়ে শুরুটা ভালোভাবে করলেও বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। মাত্র ১০ বলে ২৭ রানের ইনিংস খেলে ফিরেছেন সাজঘরে। এরপর পঞ্চম উইকেটে ৪৫ রানের জুটি গড়ে বেঙ্গালুরুকে কিছুটা জয়ের আশা দেখিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি ও সৌরভ তিওয়ারি। কোহলি করেন দলীয় সর্বোচ্চ ৪২ রান। তিওয়ারির ব্যাট থেকে আসে ৩০ রান। ডেকান চার্জার্সের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন স্টেইন ও রেড্ডি।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে জে পি ডুমিনির একক নৈপুণ্যের ওপর ভর করে স্কোর বোর্ডে ১৩২ রান যোগ করে ডেকান। ডুমিনি খেলেন ৫৩ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস।