তীরে এসে তরী ডুবল ভারতের
ব্যাক্তিগত পারফরম্যান্সের বিবেচনায় পুনরাভিষেকটা খারাপ হয়নি যুবরাজ সিংয়ের। ক্যানসার জয় করে দীর্ঘদিন পর আবার মাঠে নেমে বেশ ভালো পারফরম্যান্সই দেখিয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার। বল হাতে কোনো উইকেট না পেলেও ব্যাট হাতে খেলেছেন ২৬ বলে ৩২ রানের লড়াকু এক ইনিংস। কিন্তু আফসোস একটাই, পুনরাভিষেকের ম্যাচে খুব কাছাকাছি এসেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি যুবরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র এক রানের ব্যবধানে হেরে গেছে ভারত। জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় ইনিংস শেষ হয়েছে ১৬৬ রানে। বিরাট কোহলি খেলেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস।জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ওপেনার গৌতম গম্ভীরের উইকেট হারায় ভারত। তবে দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়ে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি ও সুরেশ রায়না। ১১তম ওভারে যখন রায়না সাজঘরে ফেরেন তখন ভারতের সংগ্রহ ছিল ৮৬ রান। তারপর বিপুল করতালির মধ্য দিয়ে মাঠে নামেন যুবরাজ সিং। তৃতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে গড়েন ৩৪ রানের জুটি। ১৪তম ওভারে জেমস ফ্রাঙ্কলিনকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে টিম সোউদির হাতে ধরা পড়েন কোহলি। তবে এর আগে তিনি খেলেছেন ৪১ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস। চতুর্থ উইকেটে এবার যুবরাজের সঙ্গী হন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই জুটিতে তাঁরা যোগ করেন ৪২ রান। তবে রানের গতিটা বেশ খানিকটাই কমে যায় এ সময়। আর এ জন্য দায়ী করা যেতে পারে ধোনিকেই। ২৩ বলে ২২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ধোনি। আর ইনিংস শেষ হওয়ার দুই বল আগে ফ্রাঙ্কলিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন যুবরাজ সিং। তাঁর খেলা ২৬ বলে ৩৪ রানের ইনিংসটিতে ছিল দুটি ছয় ও একটি চারের মার। শেষ পর্যন্ত ভারত জয় না পেলেও যুবরাজের প্রত্যাবর্তনটাতে নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভারতীয় সমর্থকেরা।এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে প্রথম দুই ওভারের মধ্যেই নিউজিল্যান্ডের দুই ওপেনার রব নিকোল ও মার্টিন গাপটিলের উইকেট তুলে নিয়েছেন ভারতীয় বোলাররা। প্রথম ওভারের শেষ বলে রব নিকোলকে বোল্ড করে সাজঘরে ফেরান জহির খান। পরের ওভারে আরেক ওপেনার মার্টিন গাপটিলকেও সাজঘরমুখী করেন ইরফান পাঠান। কিউই স্কোরবোর্ডে তখন যোগ হয়েছিল মাত্র দুই রান। তৃতীয় উইকেটে ৯০ রানের লড়াকু এক জুটি গড়ে কিউইদের লড়াইয়ে ফিরিয়েছেন ব্রান্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসন। ১৩তম ওভারে এই জুটি ভেঙে ভারতীয় শিবিরে স্বস্তি ফেরান পাঠান। ২৮ রান করে আউট হন উইলিয়ামসন। তবে এরপর আরও কয়েক ওভার ভারতীয় বোলারদের তটস্থ করে রাখেন ম্যাককালাম। হয়তো ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি শতকটির দেখাও পেয়ে যেতেন এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু ১৭তম ওভারে ইরফান পাঠানের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। শেষ পর্যায়ে রস টেলরের ২৪ ও জ্যাকব ওরামের ১৮ রানের সুবাদে স্কোরবোর্ডে ১৬৭ রান যোগ করে সফরকারী নিউজিল্যান্ড।