তীরে এসে তরী ডুবল লিভারপুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান্নায় ভেঙ্গে পড়েছেন লুইস সুয়ারেজ। অধিনায়ক স্টিভেন জেরার্ড কি খুঁজে পাচ্ছেন সান্তনা দেওয়ার ভাষা? ছবি: রয়টার্স
কান্নায় ভেঙ্গে পড়েছেন লুইস সুয়ারেজ। অধিনায়ক স্টিভেন জেরার্ড কি খুঁজে পাচ্ছেন সান্তনা দেওয়ার ভাষা? ছবি: রয়টার্স

নয় মিনিটের একটা ঝড়ই যেন বয়ে গেল লিভারপুলের ওপরে। সেই ঝড়েই টলোমলো হয়ে গেল অল রেডদের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বপ্ন। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন লুইস সুয়ারেজ। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর যে ড্র করে মাঠ ছাড়তে হবে, সেটা তো ছিল কল্পনারও বাইরে। কিন্তু শেষপর্যন্ত ঘটে গেল সেই অভাবনীয় ঘটনাটাই। ৭৯ থেকে ৮৮ মিনিটের মধ্যে তিনটি গোলই শোধ করে দিল ক্রিস্টাল প্যালেস। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলো লিভারপুলকে।
এই ম্যাচে তো বটেই, প্রিমিয়ার লিগের এবারের মৌসুমেই তীরে এসে তরী ডোবার দশা হলো লিভারপুলের। ১৯৯০ সালের পর প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবর্ণ সুযোগই এসেছিল লিভারপুলের সামনে। আজকের ম্যাচের আগেও সেই সম্ভাবনা খুব ভালোমতোই টিকে ছিল। কিন্তু এখন শিরোপা জয়ের জন্য ম্যানচেস্টার সিটির অমঙ্গল কামনা করা ছাড়া আর কোনো গতি নেই লিভারপুলের সমর্থকদের।
প্রিমিয়ার লিগে লিভারপুলের বাকি আছে আর মাত্র একটি ম্যাচ। ৩৭ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮১ পয়েন্ট। অন্যদিকে ৩৬ ম্যাচ খেলে ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৮০ পয়েন্ট। নিজেদের শেষ দুইটি ম্যাচ জিতলেই শিরোপা জয়ের স্বাদ পেয়ে যাবে ম্যানসিটি।
ক্রিস্টাল প্যালেসের মাঠে প্রথমার্ধের ১৮ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল লিভারপুল। দারুণ এক হেড থেকে গোল করেছিলেন জো অ্যালেন। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ওপর আরও বেশি চড়াও হয়েছিলেন লিভারপুলের খেলোয়াড়েরা। ৫৩ ও ৫৫ মিনিটে আরও দুইটি গোল করে জয় প্রায় নিশ্চিতই করে ফেলেছিলেন ড্যানিয়েল স্টুরিজ ও সুয়ারেজ। কিন্তু ৭৯ থেকে ৮৮ মিনিটের মধ্যে এই তিনটি গোলই শোধ করে দেয় ক্রিস্টাল প্যালেস। প্রথম গোলটি করেছিলেন ডামিয়েন ডিলানে। পরের দুইটি গোল করেছেন ডোয়াইট গেইল।
আগামী সপ্তাহে লিভারপুল নিজেদের শেষ ম্যাচটা খেলবে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে।