তীরে এসে তরী ডুবল সিদ্দিকুরের

অবিশ্বাস্য! আবারও হাত ফসকে বেরিয়ে গেল ট্রফি। আবারও শেষ দিনে খেই হারিয়ে ফেলার গল্প! গত বছরের দিল্লির হিরো ইন্ডিয়ান ওপেনটাই যেন ফিরে এল এবার মরিশাসে! শিরোপা জয়ের দূরত্ব থেকে আজ অল্পের জন্য ফিরে এলেন সিদ্দিকুর রহমান।
মরিশাসে আফ্রো-এশিয়া ব্যাংক ওপেন গলফে আজ শেষ রাউন্ডে ১৫তম হোল পর্যন্ত শীর্ষে ছিলেন সিদ্দিকই। তিন হোল বাকি থাকতে এ সময়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ শট এগিয়ে ছিলেন বাংলাদেশের গলফার। সেখান থেকেই পা হড়কাল তাঁর। ১৬তম হোলে যতটা বাজে খেলা সম্ভব, ততটাই যেন খেলেছেন। স্নায়ুচাপটা মোটেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এই হোলে ডাবল বগি করে ডুবিয়েছেন নিজের খেলা। এরপর ১৭তম হোলে আরকটি বগি, ৩ শটের লিড নিমেষেই উধাও। শেষ হোলটা সমান স্কোর নিয়ে শুরু করলেন সিদ্দিকুর ও দক্ষিণ কোরিয়ার জিউংহুন ওয়াং। শেষ হোলে পারের সমান খেললেন সিদ্দিকুর, ওয়াং পেলেন বার্ডি। এই হোলে সিদ্দিকুরের তৃতীয় শটে বল গর্তের মধ্যে পড়েও বেশি গতি থাকার কারণে শেষমেশ উঠে বাইরে চলে যায়। দুর্ভাগ্য সিদ্দিকুরের! চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৫ শট কম খেলে রানার্সআপ হলেন বাংলাদেশের গলফার। আর পারের চেয়ে ৬ শট কম খেলে শেষ পর্যন্ত সিদ্দিকুরকে টপকে চ্যাম্পিয়ন হয়ে গেলেন কোরিয়ার জিউংহুন ওয়াং।
এই টুর্নামেন্টে রানার্সআপ হওয়ায় প্রথম বাংলাদেশি গলফার হিসেবে অলিম্পিকে খেলার স্বপ্নটাও কিছুটা হলেও ফিকে হয়ে গেল সিদ্দিকুরের। আপাতত আগামী ১১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে সিদ্দিকুরকে, ওই সময় পর্যন্ত নিজেকে গলফ বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬০ এর মধ্যে রাখলেই কেবল অলিম্পিকে খেলতে পারবেন।