তীরে ডুবল আসিফের তরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বিশ্ববিখ্যাত শ্যুটার ওয়াং এ ফু কি জানেন, বাংলাদেশের আসিফ হোসেন খান তাঁর কথা কাল মনে করিয়ে দিয়েছেন গুলশান জাতীয় শ্যুটিং রেঞ্জে!২০০৪ এথেন্স অলিম্পিকে ওয়াং ১০ মিটার পিস্তল শ্যুটিংয়ে সোনা জিততে চলেছেন নিশ্চিত। দুই পয়েন্ট এগিয়ে। স্বাভাবিক স্কোরটা করে গেলেই দ্বিতীয়জন তাঁকে আর ধরতে পারবেন না। অবিশ্বাস্যভাবে শেষ শটে তাঁর গুলি লক্ষ্যচ্যুত। ১০ এর জায়গায় মাত্র ৭! প্রতিদ্বন্দ্বী ১০ মেরে জিতে নিয়েছেন সোনা।ওই গেমসেই ঘটল আরেক ‘মর্মান্তিক’ ঘটনা। ৮ পয়েন্ট এগিয়ে থেকে আমেরিকান এক শ্যুটার শেষ মুহূর্তে খেই হারিয়ে নিজের টার্গেটে গুলি না ছুড়ে আরেক দিকে মেরে দেন! পরে দেখা যায়, গুলি লেগেছে পাশের জনের টার্গেট পেপারে!আসিফ অতটা হুশ হারাননি। নিজের টার্গেটেই গুলি ছুড়েছেন। পার্থক্য হলো—যেখানে ১০ এর আশপাশে থাকার কথা, সেখানে স্কোর হলো ৬! এই লক্ষ্যচ্যুত গুলিই সর্বনাশ ঘটাল। দক্ষিণ এশীয় গেমসে তীরে এসে তরি ডুবল আসিফের। ছেলেদের ১০ মিটারে তাঁর সোনা জেতা হলো না।শুট অফে ১০টা গুলির ওটা ছিল নবম গুলি। আসিফ এগিয়ে ছিলেন দশমিক ৬ পয়েন্ট। নবম শটটার স্কোর পাশেই মনিটরে ফুটে ওঠার পর উল্লাসরত সমর্থকদের মাথায় হাত! প্রতিদ্বন্দ্বী ভারতের ইমরান হাসান খান ওই শটটা করলেন দশের ওপরে। শেষ শটে তাঁকে আর ধরার উপায় রইল না। স্বপ্নভঙ্গের বেদনায় নীল হলো গুলশান শ্যুটিং রেঞ্জ।অথচ দিনটা হতে পারত আসিফের। সকালে বাছাই প্রতিযোগিতায় ৬০০-তে তাঁর স্কোর ক্যারিয়ার-সেরা ৫৯৬। কয়েক দিন আগেই অনুশীলনে করেছিলেন ৫৯৭। এক কম, কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে সাম্প্রতিক সময়ে যে ভয়টা কাজ করত আসিফের মধ্যে, সেটি কাল কোথায় যেন উধাও।প্রতিদ্বন্দ্বী ইমরানকে ২০০৭-এ ইসলামাবাদ সাফ শ্যুটিংয়ে হারিয়েছেন। এদিন বাছাইয়ে ইমরানের চেয়ে দুই স্কোর বেশি। খুব খারাপ না করলে আসিফই জিতবেন ব্যক্তিগত সোনা—মোটামুটি এটা নিশ্চিতই ছিল। কিন্তু চূড়ান্ত স্কোরে তাঁর চেয়ে তিন এগিয়ে ইমরান! ৬৯৭.৩ আর ৬৯৪.৪ (বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি তৃতীয়-৬৮৮.২)।আগের দিন মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ও দলীয় সোনা জয়, কাল ছেলেদের ১০ মিটারে দলীয় সোনা, তারপর আসিফ জিততে চলেছেন ব্যক্তিগত সোনাও—শ্যুটিং রেঞ্জের পরিবেশটা ছিল বেশ আনন্দমুখর। আসিফের ওই দুঃস্বপ্নের ‘৬’ তাতে ঢেলে দিয়েছে বিষাদ।এটা আসিফের অবশ্য নতুন অভিজ্ঞতা নয়। ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে তাঁর উত্থানের বছরই বাংলাদেশ গেমসে ৩ পয়েন্ট এগিয়ে থেকে শেষ শটে ৭ মারেন!৮ বছর পার হয়েছে। ২০০৪ ইসলামাবাদ সাফে সোনা জিতছেন, জিতছেন সাফ সোনা। কখনো তো এমন হয়নি! কাল কেন হলো? পড়ন্ত বেলায় রেঞ্জ থেকে বেরিয়ে যাওয়ার মুখে বলে গেলেন, ‘কী থেকে কী হলো কিছুই বুঝলাম না। প্রস্তুত না হওয়ার আগেই গুলিটা ধাম করে বেরিয়ে গেল!’জাজ ‘প্রস্তুত’ বলার পর গুলি মারার জন্য সময় ৭৫ সেকেন্ড। আসিফ সাধারণত ১০-১৫ সেকেন্ডের মধ্যে প্রস্তুতি শেষ করে ফেলেন। কাল ৩০ সেকেন্ড গেল। কাঁধে রাইফেল বসিয়ে ট্রিগার থেকে আঙুল বের করে নতুন করে তৈরি হওয়ার মুহূর্তেই ওই দুর্ঘটনা।‘আমি খুব রোমাঞ্চিত ছিলাম। প্রত্যাশা পূরণের কাছাকাছি চলে গেছি ভেবে মনে মনে উত্ফুল্লতা টের পাচ্ছিলাম। কিন্তু ওই গুলিটা বেরুনোর সময় আমি ভাবছিলাম, গুলি গেল কই! বিশ্বাস করতে পারছিলাম না। পরে আর এটা নিয়ে ভাবিনি, যা হওয়ার হয়েছে। দেশবাসী আমাকে নিয়ে আশা করেছে। পারলাম না। ক্ষমা চাচ্ছি সবার কাছে’—বলছিলেন আসিফ।ইসলামাবাদ সাফের মুকুট উদ্ধার করা গেল না বলে আগের দিন সোনা জেতা রত্নাকে দেখা গেল কাঁদছেন। চোখ মুছলেন অনেকেই। ছেলের ‘ফিরে আসার’ দিনে রেঞ্জে এলেন বাবা-মা। দুজনই হতাশ। মা তাঁর মতো করে বললেন, ‘ব্যাড লাক। ট্রিগারে বোধহয় উল্টাপাল্টা চাপ পড়ে গেছে।’ আর যুক্তিযুক্তভাবেই চীনা কোচ দুষলেন অতিরিক্ত চাপকে।প্রত্যাশিত সোনার বদলে রুপা জয় সাদা চোখে হয়তো আসিফের এই অর্জনটাকে বোঝাতে পারছে না। কিন্তু ধ্বংসস্তূপ থেকে উঠে তো আসিফ ৫৯৬ স্কোর করেছেন! এই স্কোরেই গত অলিম্পিকে সোনা জেতেন ভারতের অভিনব বিন্দ্রা। এসএ গেমসে না পারলেও আসিফ কিন্তু বড় একটা স্বপ্নই উসকে দিলেন!