তুচ্ছ ব্যাপার পাত্তা দিচ্ছেন না শিশির
অনেক ভালো মন্তব্যের ভিড়ে কয়েকটা খারাপ মন্তব্য তুলে এনে প্রতিবাদের নামে পুরো ব্যাপারটা অনেক বড় করে ফেলাটা ভালো লাগেনি শিশিরের।
তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের শিশু কন্যার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়ার পর তাতে কয়েকটি অরুচিকর মন্তব্য পড়েছে। এ নিয়ে সাড়া পড়ে গেছে ফেসবুকে। নোংরা মন্তব্যকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তবে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির এসব একদমই পাত্তা দিচ্ছেন না। বরং অনেক ভালো মন্তব্যের ভিড়ে কয়েকটা খারাপ মন্তব্য তুলে এনে প্রতিবাদের নামে পুরো ব্যাপারটা অনেক বড় করে ফেলাটা ভালো লাগেনি শিশিরের।
ফেসবুক-ইনস্টাগ্রাম-টুইটারে তারকাদের ছবির নিচে হাজারো-লাখো মন্তব্য পড়ে। এর সব যে সব সময় ভালো কথা হয়, তা নয়। খারাপ এবং চূড়ান্ত রকম নোংরা মন্তব্যও আসে অনেক সময়। কিন্তু সব মন্তব্য তারকাদের পড়ে দেখারও সময় হয় না। আবার কিছু চোখে পড়লেও তারা সেটা আমলে নেন না খুব একটা। এটা তাঁদের জীবনেরই অংশ হয়ে যায় এক সময়। খারাপ বাদ দিয়ে শুধু ভালোটা নিয়ে থাকাটাই অভ্যাস বানিয়ে ফেলেন তারা। কারণ খারাপকে প্রাধান্য দিলে খারাপেরই যে প্রচার হয়!
আজ শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিবের স্ত্রী শিশিরও সেটাই বলতে চেয়েছেন, ‘কী হচ্ছে, এ নিয়ে আসলে আমার কোনো ধারণাই ছিল না। পাবলিক ফিগার হিসেবে আমাদের অনেক ভক্ত ও অনুসারী আছে। এর মধ্যে শুভাকাঙ্ক্ষী ও সমালোচনাকারী দুই-ই আছে। আমরা সব সময় মনোযোগের কেন্দ্রে থাকি, এটা ভালো দিক। বিশ্বের অনেক দেশের তারকারাই এ ধরনের ঘটনার শিকার হন, কিন্তু অন্য দেশের মানুষের প্রতিবাদের নামে হাজারো ভালো মন্তব্যের মধ্যে থেকে ৪-৫টা খারাপ মন্তব্য তুলে এনে প্রচারের সময় নেই।’
কেন তিনি এসব খারাপ মন্তব্যগুলোকে পাত্তা দিচ্ছেন না, সেটাও লিখেছেন, ‘পুরো ঘটনাটা নিয়ে তোলপাড় হচ্ছে আসলে হাজারো ভালো মন্তব্যের ভিড়ে করা ৪টা খারাপ মন্তব্য নিয়ে। আমি এসব মন্তব্যকারীদের নিয়ে কিছু বলব না, কারণ ওদের নিয়ে আমি বিরক্ত নই। আমি বিরক্ত কিছু ফেসবুক পেজের এডমিনদের ওপর যারা ওই ৪টি মন্তব্য খুঁজে বের করে যেটা কোনো ঘটনাই নয় সেটাকে বড় ঘটনা বানিয়েছেন। উচ্চপর্যায়ে এ নিয়ে তদন্ত হচ্ছে। এই ফাঁকে আপনারা নিজেদের পেজের কিছু প্রচার কামিয়ে নেন! এসব আমাদের উদ্দেশ্য কিংবা জীবনযাপনে কোনো পরিবর্তন আনবে না। কারণ এসব তুচ্ছ ব্যাপার আমরা গুরুত্ব দিই না।’