তুর্কমিনিস্তান তো প্রস্তুত, বাংলাদেশ কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্টেডিয়াম। ছবি: বদিউজ্জামান
ইনডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্টেডিয়াম। ছবি: বদিউজ্জামান

আমন্ত্রণটা হঠাৎ করেই পাওয়া। তুর্কমিনিস্তান সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) বরাবর আমন্ত্রণপত্রটি এসেছিল গত মে মাসে। আন্তর্জাতিক স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) অন্তর্ভুক্ত সদস্য প্রতিষ্ঠান হওয়ায় এমন একটা সুযোগ মেলে বাংলাদেশের জন্য। বাংলাদেশ থেকে একজন ক্রীড়া সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল তুর্কমিনিস্তানে। আগামী ১৭ থেকে ২৭ সেপ্টেম্বর পঞ্চম এশিয়ান ইনডোর গেমস হবে তুর্কমিনিস্তানের রাজধানী আশখাবাদে। এর আগে এই দেশ, গেমস ভেন্যুগুলো কতটা প্রস্তুত তা সারা বিশ্বকে জানাতেই এই কর্মসূচির আয়োজন করে তুর্কমিনিস্তান।

৮ থেকে ১১ জুন আন্তর্জাতিক মিডিয়া ফোরামের ব্যানারে এই কর্মসূচিতে যোগ দিতে জড়ো হয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ৮২ জন ক্রীড়া সাংবাদিক। এসেছিলেন যুক্তরাষ্ট্রের গ্লেন গিলমোর, কিরগিজস্তানের নরুজবায়েভা বখ্তিগুল, পাকিস্তানের সুফি হারুন রশিদ, ফিলিস্তিনের আহরার জিবরিন, হংকংয়ের রেমন্ড চিউ চ্যানসহ অনেকে।

তুর্কমিনিস্তানের কাছে ইদানীং রোমাঞ্চের আরেক নাম হয়ে উঠেছে পঞ্চম এশিয়ান ইনডোর গেমস। স্বাধীনতার ২৬ বছর পর প্রথম বড় মাপের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার স্বাগতিক হতে যাচ্ছে দেশটি। এ নিয়ে যেন ঘুম নেই কারও! প্রেসিডেন্ট-শাসিত দেশে যেখানে গুরুবাঙ্গুলি বারদিমুহামেদভই শেষ কথা। ক্রীড়াপ্রেমী এই প্রেসিডেন্ট চমৎকার একটি গেমস উপহার দিতে আয়োজনের কমতি রাখেননি।

প্রস্তুত মিডিয়া সেন্টার। ছবি: বদিউজ্জামান
প্রস্তুত মিডিয়া সেন্টার। ছবি: বদিউজ্জামান

উত্তাপটা টের পাওয়া গেল ৭ জুন আশখাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই। প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ইমিগ্রেশনব্যবস্থা থাকলেও আমন্ত্রিত সাংবাদিকদের জন্য রাখা হয় বিশেষ ব্যবস্থা। ঢাকায় তুর্কমিনিস্তানের দূতাবাস না থাকায় অন অ্যারাইভেল ভিসাই ছিল একমাত্র ভরসা। কিন্তু শুধু বাংলাদেশই নয়, সেখানে সারা বিশ্বের আমন্ত্রিতদের ভিসাপ্রাপ্তির জন্য আলাদা ব্যবস্থা করে রেখেছিলেন আয়োজকেরা। বিমানবন্দরের ভেতরের দেয়ালে বসানো ডিজিটাল বিজ্ঞাপনবোর্ডে লেখা ইনডোর গেমস শুরুর আগমনী বার্তা।

ঝা-চকচকে ছিমছাম শহরের কোথাও কোনো বাণিজ্যিক বিলবোর্ড চোখে পড়েনি। রাস্তার মোড়ে মোড়ে বসানো ডিজিটাল বিলবোর্ডে চলছিল ১০০ দিনের গণনা। তুর্কমেনিয়ান ভাষায় যাতে লেখা: গন, সাগাত, মিনাত, সেকান্ত...।

আশখাবাদে পৌঁছানোর এক দিন পর সাংবাদিকবহরের সবাইকে নিয়ে যাওয়া হয় মূল অলিম্পিক ভিলেজে। চারদিকে উঁচু উঁচু অট্টালিকা। ১৫৭ হেক্টর জায়গাজুড়ে তৈরি করা হয়েছে উঁচু ভবনগুলো। যেগুলো ছয় বছর ধরে তৈরি করতে খরচ হয়েছে পাঁচ বিলিয়ন ডলার। প্রতিটি ভবনে অ্যাথলেটদের থাকার সুব্যবস্থা করা হয়েছে। ভবনের পাশেই মূল ভেন্যু ও অনুশীলন ভবন। ইনডোর সুইমিংপুল, চমৎকার ভেলোড্রাম, ইনডোর অ্যাথলেটিকস ট্র্যাক, বোলিং রুম—সাজানো-গোছানো ভেন্যু যেন অ্যাথলেটদের পদচারণের অপেক্ষায়। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাওয়ার জন্য উড়ালপথে তৈরি করা হয়েছে ‘মনোরেল’। প্রতিটি খেলা সরাসরি সম্প্রচারের জন্য আন্তর্জাতিক সম্প্রচার স্টেশন তৈরি করেছে তুর্কমিনিস্তান। রয়েছে চমৎকার প্রেস সেন্টার। ১৩টি ভেন্যুতে ২১ খেলায় অংশ নেবেন ছয় হাজার অ্যাথলেট। লড়বেন ৩৩৭টি পদকের জন্য। এই গেমসে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন আট হাজার তরুণ-তরুণী।

অ্যাথলেটদের অপেক্ষায় তুর্কমিনিস্তান। ছবি: বদিউজ্জামান
অ্যাথলেটদের অপেক্ষায় তুর্কমিনিস্তান। ছবি: বদিউজ্জামান

এশিয়ান ইনডোর গেমসের জন্য এসব স্থাপনা তৈরি করা হলেও তুর্কমিনিস্তানের লক্ষ্য দূরের বাতিঘরে। এশিয়ার এই দেশ স্বপ্ন দেখছে অলিম্পিক গেমস আয়োজনের। আর এ জন্যই এমন প্রস্তুতি সে দেশের সরকারের। আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে আয়োজক কর্মকর্তাদের মুখে ঘুরেফিরে একটাই কথা, ‘আমরা অলিম্পিকের স্বাগতিক হতে চাই। এ জন্য যা করার প্রয়োজন, সেগুলো তৈরি করেছি।’

স্বাধীনতার ২৬ বছরে এমন সব স্থাপনা নির্মাণ করে বিশ্বকে দেখাতে প্রস্তুত তুর্কমিনিস্তান। কিন্তু স্বাধীনতার ৪৬ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের চৌহদ্দিতেই আটকে রয়েছে। অথচ খেলা দিয়েই বাংলাদেশকে বেশি করে চিনছে সারা বিশ্ব। কিন্তু ক্রীড়াক্ষেত্রে তেমন একটা বাজেট নেই সরকারের, নেই বড় মাপের এমন ক্রীড়াযজ্ঞ দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টাও। তাই তুর্কমিনিস্তান পারলেও বাংলাদেশ আদৌ পারবে কি না, প্রশ্নটা সময়ের কাছেই তোলা রইল।