তুলকালাম সাও পাওলোয়
কী অদ্ভুত কাকতাল! গত পরশুই ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী বলেছিলেন সব ভেন্যুই ২০১৪ বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত। অথচ গতকাল যা হয়ে গেল তাতে দুই বছর আগেই বিশ্বকাপের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গেল।কোপা সুদামেরিকানার ফাইনালে খেলছিল ব্রাজিলের সাও পাওলো ও আর্জেন্টিনার তাইগ্রে। প্রথমার্ধে লুকাস মৌরা ও অসভালদোর গোলে সাও পাওলো এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। প্রথমার্ধের শেষ হয় এখানেই। কিন্তু এরপর দ্বিতীয়ার্ধের খেলা আর মাঠেই গড়ায়নি! এএফপি।বিরতির সময় ড্রেসিংরুমে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাদানুবাদ হয়। পরে সেটা হাতাহাতি থেকে গড়ায় রক্তারক্তিতে। তাইগ্রের খেলোয়াড়দের দাবি, স্থানীয় নিরাপত্তারক্ষকেরা ড্রেসিংরুমে ঢুকে যায়। বন্দুক ঠেকিয়ে হুমকিও দেয়। পরে পুলিশ এসেও বেধড়ক মারধর করে তাইগ্রের খেলোয়াড়দের। তাই তারা মাঠে নামতে অস্বীকৃতি জানায়। সাও পাওলো এক অর্ধ খেলেই পেয়ে যায় শিরোপা। তবে সাও পাওলো পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। ব্রাজিল কিংবদন্তি রোনালদো ঘটনার পরপরই টুইট করে তাইগ্রের সমালোচনা করে বলেছেন, অপেশাদার আচরণের শাস্তি হিসেবে তাদের নিষিদ্ধ করা উচিত।