প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ আফ্রিদির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙাটা যে আকস্মিক কিছু ছিল না, তার প্রমাণ প্রতি ম্যাচেই দিয়ে যাচ্ছেন কোরি অ্যান্ডারসন। কিউই অলরাউন্ডার কালও ভারতের বিপক্ষে করলেন ১৭ বলে ৪৪ রান। মারলেন পাঁচটি ছয়। গত জুনে কার্ডিফে ওয়ানডে অভিষেকের পর ১১ ম্যাচের ১০ ইনিংসে ৫৯.৪২ গড়ে তাঁর ৪১৬ রান এসেছে ১৫৯.৩৮ স্ট্রাইক রেটে। ওয়ানডেতে কমপক্ষে ১০ ইনিংস ব্যাট করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ। ব্যাটিং গড়েও শুধু হল্যান্ডের রায়ান টেন ডেসকাটই (৬৭.০০) অ্যান্ডারসনের ওপরে। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ১০ ইনিংস শেষে আফ্রিদির স্ট্রাইক রেট (১৬৭.৮৭) অ্যান্ডারসনের চেয়ে বেশি থাকলেও রান (২৭৭), গড় (২৭.৭০), এমনকি ছক্কা (১৮) হাঁকানোতেও বেশ পেছনে ছিলেন এই পাকিস্তানি। ১০ ইনিংসে অ্যান্ডারসনের ছয় ৩০টি।