তুলিওর তোপ
মার্কোস তুলিও তানাকা খুব আলোচনায় আছেন। খুব ভালো খেলে আলোচনায় থাকলে সমস্যা ছিল না। আলোচনায় আছেন তিনি একটার পর একটা আত্মঘাতী গোল করে এবং দিদিয়ের দ্রগবার হাত ভেঙে দিয়ে!এবার আবার আলোচনায় এসে পড়ার মতো কথা বলে ফেলেছেন তুলিও। সংবাদমাধ্যমের তোপের মুখে থাকা কোচ তাকেশি ওকাদার কথামতো তিনি খেলবেন না বলে জানিয়ে দিলেন। ব্রাজিলে জন্ম নেওয়া এই জাপানি দাবি করছেন, ওকাদার কথামতো খেললে, তারা নিজেদের যোগ্যতামতো খেলতে পারবেন না, ‘কোচ যেমন বলছেন, তেমন খেললে আমাদের নিজেদের যোগ্যতা দেখাতেই পারব না।’শুধু নিজে নয়, তুলিও আসলে দলের সবাইকেই যার যার পছন্দমতো খেলার পরামর্শ দিচ্ছেন, ‘ফুটবলের মজাটাই এখানে যে, সব খেলোয়াড়ের নিজস্ব একটা পরিকল্পনা থাকে। আমি তো সুযোগ পেলেই আক্রমণ করতে যাব।’এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে! এই হচ্ছে কোচদের সঙ্গে তুলিওর মূল ঝামেলা। ডিফেন্স ছেড়ে দিয়ে অতিরিক্ত আক্রমণে ওঠার প্রবণতার কারণে তাঁকে পছন্দ করতেন না সাবেক কোচ জিকো। এই প্রবণতার কারণেই নিজের কাজটা ঠিকমতো করতে পারেন না বলে কিছুদিন আগে অভিযোগ করেছেন বর্তমান কোচ ওকাদাও। ব্রাজিলের লুসিওকে দেখে শিখতে তুলিওকে পরামর্শ দিয়েছিলেন তিনি।কে কার পরামর্শ শোনে! তুলিও এখন উল্টো কোচের বিপক্ষে লেগেছেন। তুলিও অবশ্য পাশে সে দেশের সংবাদমাধ্যমকে পাবেন। গত কিছুদিন ধরে জাপানের পারফরম্যান্স ও ঘন ঘন স্কোয়াড বদলের কারণে ওকাদার ওপর খুব চটে আছে সংবাদমাধ্যম। এখন তুলিওর কথায় তারা উত্সাহই পাওয়ার কথা।তুলিও অবশ্য শুধু কোচকে দু কথা শুনিয়ে শান্ত হচ্ছেন না। এক হাত নিয়েছেন স্ট্রাইকার হোন্ডাকেও। সিএসকে মস্কোর এই স্ট্রাইকার চ্যাম্পিয়নস লিগেও ভালো খেলেছেন। কিন্তু জাতীয় দলের হয়ে আর সবার মতোই নিষ্প্রভ হোন্ডাও।তাই হোন্ডাকে খেলানো নিয়েই প্রশ্ন তুলেছেন তুলিও, ‘হোন্ডার তো তাহলে দলেই থাকা উচিত নয়। ওর শক্তি হলো গোল করা। সেটা করতে না পারাটা তো ভালো কথা নয়। আমি ওকে সুযোগ তৈরি করে দিতে চাই।’সবারই তো সমালোচনা করছেন, তুলিওর সমালোচনাটা কে করবে? এএফপি।