তুড়িতে চাপ উড়িয়ে দিচ্ছেন রজার্স
কতবারই তো চেলসির মুখোমুখি হয়েছে লিভারপুল। কিন্তু এবারের পরিস্থিতিটা অন্য রকম। এই অন্য রকমটা যে লিভারপুলের জন্য ভালো, সেটা তো লিগের পয়েন্ট তালিকাই বলে দিচ্ছে। দুইয়ে থাকা চেলসির চেয়ে লিভারপুল ৫ পয়েন্টে এগিয়ে, ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্টে। অ্যানফিল্ডের আকাশ-বাতাস এখন ২৪ বছর পর লিগ শিরোপা স্বপ্নে বুঁদ। আজ নিজেদের মাঠে চেলসির বিপক্ষে জিতলে যেটি প্রায় হাতের নাগালেই এসে যাবে।
অন্যদিকে হেরে গেলেই শিরোপা লড়াইটা হয়ে যাবে উন্মুক্ত। উৎসবের ক্ষণ গুনতে থাকা লিভারপুলের চাপ অনুভব করারই কথা। কোচ ব্রেন্ডন রজার্স অবশ্য অবলীলায় তা উড়িয়ে দিচ্ছেন, ‘লোকে চাপের কথা বলছে। কিন্তু আমাদের খেলোয়াড়দের দিকে তাকিয়ে দেখুন, ওরা সত্যিই তাদের খেলাটা উপভোগ করছে। লিগের শীর্ষে থাকা আমি উপভোগ করছি। এটা নিঃসন্দেহে অসাধারণ।’ লিভারপুলের স্বপ্নসারথি উল্টো দাবি করছেন, ‘একটুও চাপ অনুভব করছি না। সত্যি বলছি, আমি কখনোই এর চেয়ে ভালো ঘুমাইনি।’
একসময়ের ইংলিশ লিগের সবচেয়ে সফল দল। অথচ সেই লিভারপুলই ১৯৮৯-৯০ মৌসুমের পর আর লিগ জিতে পারেনি। সেই থেকে কেবলই নিজেদের হারিয়ে খোঁজা। সাফল্যের পথ খুঁজে পেতে বারবার বদলিয়েছে কোচ। সেই প্রক্রিয়াতেই ২০১২ সালে দায়িত্ব পান রজার্স। অ্যানফিল্ডে প্রথম মৌসুমে তিনিও তেমন কিছু করতে পারেননি। লিভারপুল গত মৌসুমে লিগ শেষ করেছিল সপ্তম হয়ে। এবার মৌসুমের শুরুতে তাই লক্ষ্য ছিল অন্তত শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্য ইতিমধ্যেই পূরণ হয়েছে। শিরোপার হাতছানির সামনে দাঁড়িয়েও তাই রজার্স বলছেন, ‘যা-ই ঘটুক, আমাদের জন্য মৌসুমটা অসাধারণই হবে।’
শীর্ষে থেকেও শিরোপা জিততে না পারলে সেটাকে তিনি ব্যর্থতা হিসেবে বিবেচনা করবেন কি না—এমন প্রশ্নের জবাবে লিভারপুল কোচ বলেছেন, ‘না, না, তা ভাবার সুযোগ নেই। আমি মনে করি না, কেউ চাপের কথা বলতে পারবে। চাপ যদি থাকে, সেটা ম্যানচেস্টার সিটি কিংবা চেলসির আছে। কারণ, যখন আপনি এত টাকা খরচ করবেন, অবশ্যই লিগ জয়ের প্রত্যাশা করবেন।’ রজার্স নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করে যেতে চান, তারপর যা হয় হবে। লিভারপুলের সামনে আজ নিজেদের একটা কীর্তি ছোঁয়ারও সুযোগ। সর্বশেষ শিরোপা জয়ের মৌসুমে (১৯৮৯-৯০) টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল লিভারপুল। টানা ১১ ম্যাচ জিতেই আজ অ্যানফিল্ডে নামছে ‘অল রেডস’।
হারলে শিরোপার ক্ষীণ আশাও শেষ, তার পরও অ্যানফিল্ডে দ্বিতীয় সারির দল নিয়ে যাবেন বলে জানিয়ে দিয়েছেন কোচ হোসে মরিনহো। বুধবারই যে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগ। এএফপি।