তৃণমূলেও ডাচ-ব্যবস্থাপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন ঘরানার ফুটবল খেলবে বাংলাদেশ? স্বাধীনতার এত বছর পরও সেই ধরনটি বেছে নিতে পারেনি বাফুফে।বাফুফের তৃণমূলে ফুটবল প্রশিক্ষণে একেক কোচের পছন্দ একেক ছক। কেউ ৪-৪-২, কেউ ৪-৩-৩, কেউ ৫-৩-২। বাফুফের অনূর্ধ্ব-১৩, ১৪, ১৬, ১৯ দল আছে। সব দলকে একই ছকে তৈরি করার উদ্যোগ নিলেন জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। এরই অংশ হিসেবে কাল তিনি বাফুফের কোচদের সঙ্গে বসেছিলেন মতবিনিময় সভায়।ডাচ কোচের পছন্দ ডাচ ছন্দ। এএফসি চ্যালেঞ্জ কাপে জাতীয় দলকে সাজিয়েছেন ৪-২-৩-১ ছকে। এবার তৃণমূলেও ডাচ ছোঁয়া লাগাতে চান। তাই অতীত ধ্যানধারণা ছেড়ে বাফুফের কোচদের ৪-২-৩-১ ছকেই ছোটদের গড়ে তোলার পরামর্শ দিয়েছেন ক্রুইফ।বাফুফের কোচ গোলাম জিলানীর কথা, ‘জাতীয় দলকে যেভাবে অনুশীলন করিয়েছেন কোচ, সেটিই এদিন বোর্ডে এঁকে সবার কাছে তুলে ধরেছেন। কীভাবে হল্যান্ডে তৃণমূল ও যুব পর্যায়ে ফুটবলার তৈরি করা হয়, সেটি বলার পাশাপাশি আমাদের সেভাবেই এগিয়ে যেতে বলেছেন।’বাংলাদেশ লিগের খেলা দেখে ক্রুইফের চোখে আসল সমস্যাটা ধরা পড়েছে। এখানে নিচে থেকে আক্রমণ গড়া হয় কমই। বিষয়টা কোচের নজর এড়ায়নি। তাই লম্বা বল ছেড়ে খেলোয়াড়েরা যাতে ছোট ছোট পাসে ‘বিল্ড আপ ফুটবলে’ অভ্যস্ত হয়, ছোটবেলা থেকেই সেই দিকের ওপর বিশেষ জোর দিতে বলেছেন কোচ।কোচদের সঙ্গে মতবিনিময় শেষে ক্রুইফ বললেন, ‘বাংলাদেশকে একটা ধরন বেছে নিতে হবে। কারণ, ছোটবেলা থেকে নানা ধরনে খেললে পরে জাতীয় দলের জন্য সমস্যা হয়। আমি এই দিকটির ওপর বিশেষ নজর দিতে চাই।’আগামী মাসে এসে লন্ডন সফরের জন্য ক্যাম্পে ডাকবেন ৩০ জন খেলোয়াড়। কোনো আহত খেলোয়াড়কে যেন ক্যাম্পে ডাকা না হয়, সেটাও বলে দিয়েছেন কোচদের।