তৃণমূলের কোচ ছাঁটাই করছে বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূলে কাজ করার জন্য ১৯ জন কোচ আছে বাফুফের। তাঁদের সম্মানী বাবদ ২০০৫ সাল থেকে মাসে পাঁচ হাজার ডলার করে দিয়ে আসছে এএফসি। তবে এখন তৃণমূলের কোচ কমিয়ে আনা হচ্ছে।

যেহেতু জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফের সঙ্গে স্থানীয় মোহামেডান কোচ সাইফুল বারীকে যোগ করা হচ্ছে, তাই এই বাড়তি খরচটা জোগাতেই তৃণমূলের কোচ কমানোর চিন্তা। তা ছাড়া সংখ্যা নয়, মানের দিকেই বেশি নজর দিতে চায় বাফুফে। সে জন্যই নতুন এই পরিকল্পনা। তবে ১৯ থেকে কমিয়ে কোচ কতজন রাখা হবে, সেটি ঠিক হয়নি। সংখ্যাটা ৭-৮-এর বেশি না হওয়ার সম্ভাবনাই বেশি।

প্রশ্ন আসছে, তৃণমূলের জন্য কতজন কোচ প্রয়োজন? এখন কোচ কমিয়ে ফেললে কাজ হবে কীভাবে? এই প্রশ্নের পাশে বাস্তবতা হলো, একঝাঁক কোচ থাকলেও তাঁদের তো সেভাবে কাজে লাগানো যাচ্ছে না। অনেককে বসিয়ে বসিয়ে সম্মানী দেওয়া হয়।

জাতীয় দলের সহকারী ও প্রস্তাবিত সিলেট একাডেমির প্রধান কোচ রেনে কোস্টার বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর হতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে কাজ চালিয়ে যাওয়া আবু জোবায়ের নিপুকেই রেখে দেওয়ার চিন্তা আছে বাফুফের। কোস্টারকে প্রধান টেকনিক্যাল পদ জাতীয় কিছু দেওয়া হতে পারে।

সাইফুল বারীর জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল হওয়ায় আবাহনী ছেড়ে যাওয়া অস্ট্রেলিয়ান কোচ নাথান হলের সঙ্গে মোহামেডান যোগাযোগ করছে বলে জানা গেছে।