তৃণমূলের ক্ষোভ আর হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিমন্ত্রী যখন সভার সমাপ্তি টানলেন, অনেকে তখনো দাঁড়িয়ে। কথা বলতে চান। কিন্তু ‘একনেকের সভা আছে, সময় নেই’ বলে সভার ইতি টানলেন আহাদ আলী সরকার। সাত বছর পর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সাধারণ সভা। ঘণ্টা তিনেকের আলোচনার পরও অনেকেরই অতৃপ্তি থাকল। থাকারই কথা। বঞ্চনার কথা বলার সুযোগ যে কালেভদ্রে আসে! ৬৪ জেলা, ৭ বিভাগ এবং ৪২ ফেডারেশন-অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ছিলেন এই সভায়। তাতে জেলার কণ্ঠস্বর হয়ে দেখা দিলেন জেলা-বিভাগীয় ফোরামের সভাপতি ইউসুফ জামিল (বাবু)। অনেক বঞ্চনার বিবরণ ছিল তাঁর বক্তব্যে। প্রবীণ এই সংগঠক তুলেছেন কিছু দাবিও, এনএসসির নির্বাহী কমিটিতে তৃণমূলের প্রতিনিধিত্ব, জেলার সংগঠকদের মন্ত্রীর সঙ্গে সপ্তাহে একবার দেখা করার সুযোগ, জেলা ও বিভাগের ত্রুটিপূর্ণ গঠনতন্ত্র সংশোধন, ক্রীড়া সংস্থাগুলোর জন্য ঐচ্ছিক তহবিল আবার চালু, নিম্নমানের ক্রীড়াসামগ্রী না দেওয়া, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন কার্যকর করা, দলাদলিতে জর্জরিত ফেডারেশনগুলো ভেঙে দেওয়া ইত্যাদি। সাত বছর পর এনএসসির কাউন্সিল। অথচ জেলা-বিভাগ-ফেডারেশন কারও পারফরম্যান্স আলোচনায় ঠাঁই পায়নি। সবাই মূলত ব্যস্ত হয়ে পড়লেন পাওয়া না-পাওয়ার হিসাব মেলাতে। এই সরকারের সময় ক্রীড়াঙ্গনে নির্বাচন নির্বাসিত। মহিলা ক্রীড়া সংস্থা আড়াই মাসের বেশি সময় অচল। এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ছিল, তা হয়নি। আমন্ত্রিত অতিথি বাফুফের সহসভাপতি বাদল রায় বললেন, ‘সবার পারফরম্যান্স নিয়ে আলোচনার দরকার ছিল।’ তাঁর দাবি, ‘জেলাগুলোর খোঁজ রাখে না এনএসসি। গত ছয় বছর কেন এনএসসির কাউন্সিল হয়নি? কারণ খুঁজতে হবে (এ পর্যায়ে মন্ত্রী বলেন, নতুন লোক নিয়ে কাজ করছি, প্রতিবছর এজিএম করতে হবে, তারা জানত না!)। জেলা-এনএসসি অনলাইন সার্ভিস চালু করা হোক।’ বিওএ মহাসচিব কুতুবউদ্দিন আহমেদের চাওয়া, ‘ক্রীড়াঙ্গনে আসা পৃষ্ঠপোষকদের আয়কর মওকুফ চাই। এসএ গেমসের প্রশিক্ষণের জন্য এনএসসির আর্থিক সহায়তা দরকার।’ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান (বাবুল) ১৯৭৪ সালের এনএসসি আইন সংশোধনের দাবি তুলেছেন। এরপর তাঁর প্রশ্ন, ‘এনএসসির প্রায় সব বাজেটই অবকাঠামোর খাতে, ট্রেনিংয়ের তহবিল কোথায়?’জাতীয় ক্রীড়া পুরস্কারের নীতিমালা পরিবর্তনের কথা এসেছে। সব সংস্থা ও ফেডারেশনকে ১ কোটি টাকা করে স্থায়ী আমানত দেওয়ার দাবি উঠেছে। মন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। বাংলাদেশ গেমস হচ্ছে না ১০ বছর, এটি মাঠে ফেরানোর দাবিও এসেছে। মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রাফিয়া আক্তার ডলি বলেছেন, ‘এনএসসির ট্যালেন্ট হান্টিংয়ে আদৌ খেলোয়াড় বের হয় কিনা ভাবতে হবে।’মন্ত্রী তাৎক্ষণিকভাবে দিয়েছেন কিছু সমাধান, ‘তৃণমূলের সংগঠকেরা আমার সঙ্গে দেখা করতে পারবে। ক্রীড়াসামগ্রী আর এনএসসি কিনবে না। টাকা দিয়ে দেওয়া হবে সবাইকে। সব সংস্থা-ফেডারেশনকে একটি কম্পিউটার, ডিএসএগুলোকে এক লাখ টাকা করে ঐচ্ছিক তহবিল, এখন থেকে প্রতিবছর এনএসসির এজিএম করা, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথমবারের মতো আন্ত হাইস্কুল ফুটবল, এনএসসি পুরস্কার চালু, বাংলাদেশ গেমস আয়োজন করব আমরা।’ক্ষোভ আর হতাশার মধ্যে তবু কিছু প্রতিশ্রুতি মিলল মন্ত্রীর!