তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত

‘বৃষ্টি সিরিজ’ হয়ে ওঠা বাংলাদেশ-ভারত সাহারা কাপের তৃতীয় ম্যাচটা শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেল। ২-০তে সিরিজ জিতল ভারত। প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং আর শেষ দুটো ওয়ানডে দলের বোলিংই একমাত্র প্রাপ্তি। তবে এই প্রাপ্তি দিয়েও ৫৮ রানের লজ্জা মুছে যাবে না নিশ্চয়ই।
দ্বিতীয় ওয়ানডের মতো আজও বাংলাদেশের সেই বোলাররা আবারও ভারতকে অল্পতেই আটকে ফেলেছিল প্রায়। ৩৪.২ ওভারে ৯ উইকেটে ১১৯ রান তুলেছিল ভারত। এমনিতেই বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নামিয়ে আনা হয়েছিল ৪০ ওভার করে। এরপর আবার বৃষ্টি। ৮টার দিকে বৃষ্টি থেমে গেলেও মাঠ খেলার উপযুক্ত ছিল না। দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এমনিতে ধারাবাহিক বৃষ্টি এবং অধারাবাহিক বাংলাদেশি ব্যাটসম্যানরা না থাকলে এই সিরিজে হয়তো ফলাফল অন্য রকম হতো। আজও দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই ভারতকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশের বোলাররা। আইপিএলে দুর্দান্ত খেলে জাতীয় দলে জায়গা ফিরে পেলেও রবিন উথাপ্পার আন্তর্জাতিক ক্যারিয়ারকে আবারও কোমায় পাঠানোর বন্দোবস্ত করেন মাশরাফি।
স্কোরবোর্ডে আর কোনো রান যোগ না হতে ফেরেন অন্য ওপেনার অজিঙ্কা রাহানে। ৮ রানে ২ উইকেট হারানোর ধাক্কা ভারত আর সামলেই উঠতে পারেনি। ভারতের সেরা দুটো জুটি হয়েছে পঞ্চম ও ষষ্ঠ উইকেটে। সেই দুই জুটিতে আসা ৭৩ আর নবম উইকেটে মান বাঁচানো ২২ রানের জুটিটা না হলে ভারত আজও ১০০-এর নিচে অলআউট হওয়ার লজ্জায় পড়ে যেত। ৯৭ রানে পড়ে গিয়েছিল তাদের ৮ উইকেট।
আগের ম্যাচে সতীর্থদের কারণে দুর্দান্ত অভিষেকটা বেদনায় রূপান্তরিত হলেও শোককে শক্তি বানিয়ে আজও দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদ। ৮ ওভারে মাত্র ১৫ রান দিয়ে (ওভারপ্রতি রান ১.৮) নিয়েছেন ২ উইকেট। ২ উইকেট আল-আমিনেরও। একটি উইকেট নিয়েছেন সোহাগ গাজী।
তবে বল হাতে এদিন সেরা ছিলেন সাকিব আল হাসান। আরও একবার অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়ানো সাকিব নিয়েছেন ৩ উইকেট। সবচেয়ে বড় কথা, ভারতের চার সর্বোচ্চ স্কোরারের তিনজনই সাকিবের শিকার। সাকিবই ঘুরে দাঁড়াতে দেননি ভারতকে।
খেলা হলে ২০ ওভারে ৮০ রান করতে হতো বাংলাদেশকে। আবারও দ্বিতীয় ম্যাচের পরিণতি নাকি দুর্দান্ত জয়—সেই প্রশ্ন অমীমাংসিত রেখেই শেষ হয়ে গেল খেলা।