তৃতীয় দিনেও ইংলিশ রাজত্ব

লর্ডস টেস্টের তৃতীয় দিনেও রাজত্ব করল ইংল্যান্ড। সারাটা দিন বোলিংয়ের পর অস্ট্রেলিয়ার সাফল্য বলতে শুধু টিম ব্রেসনান আর ইয়ান বেলের উইকেট। আজ এই দুইটি উইকেট হারিয়েই স্কোরবোর্ডে ৩৩৩ রান জমা করেছে ইংল্যান্ড। ক্যারিয়ারসেরা ১৭৮ রানের ইনিংস খেলে দিনশেষে অপরাজিত আছেন ওপেনার জো রুট। তৃতীয় দিন শেষে ইংল্যান্ড এগিয়ে আছে ৫৬৬ রানে। গতকাল দ্বিতীয় ইনিংসের শুরুতে তিনটি উইকেট হারালেও আজ তৃতীয় দিনে অস্ট্রেলিয়ান বোলারদের কোনো সুযোগই দেননি ইংলিশ ব্যাটসম্যানরা। চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়ে দিনের প্রায় অর্ধেকটা সময়ই উইকেটে ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জো রুট ও ব্রেসনান। দিনের ৪২তম ওভারে এসে ক্ষণিকের জন্য একটু আনন্দের উপলক্ষ্য আসে অস্ট্রেলিয়া শিবিরে। ৩৮ রানের ধৈর্য্যশীল এক ইনিংস খেলে ফিরে যান ব্রেসনান। এরপর আবারও একটা লম্বা সময় উইকেট আঁঁকড়ে পড়ে থাকেন রুট আর ইয়ান বেল। চতুর্থ উইকেটে তাঁরা গড়েন ১৫৩ রানের জুটি। দারুণ ব্যাটিং করে টানা তৃতীয় সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন বেল। কিন্তু ৭৪ রানের মাথায় তাঁকে আটকে দেন স্টিভেন স্মিথ। দিনের বাকিটা সময় অবশ্য নির্বিঘ্নেই পার করেছেন রুট ও জনি বেয়ারস্টো।