তৃতীয় টি-টোয়েন্টিতেও হেরে ধবলধোলাই
৭ উইকেটে ১১৩। টি-টোয়েন্টির ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ইনিংসটি খেলল কাল বাংলাদেশের মেয়েরা। এতেও অবশ্য ভাগ্যের পরিবর্তন হয়নি। ভারতীয় মেয়েদের কাছে শেষ টি-টোয়েন্টিতেও হার, তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই। ভদোদরায় শেষ ম্যাচে ১০ রানে হেরেছে সালমারা। টস জিতে প্রথমে ব্যাট করে ভারতীয় দল ৯ উইকেটে ১২৩ রান করে। বাংলাদেশের অধিনায়ক সালমা ও পান্না নেন ২টি করে উইকেট।১২৪ রানের লক্ষ্যে ছোটা বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। প্রথম ও দ্বিতীয় উইকেট জুটিতে ঠিক ২৫ রান করে ওঠে। আয়েশার (১২) সঙ্গে ২৫ রান করার পর লতাকে (৩২) নিয়েও ২৫ রান যোগ করেন শুকতারা (২৫)। এরপর চতুর্দশ ওভারে ৩ বলের ব্যবধানে সালমা ও ফারজানার বিদায়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। শেষ ২ ওভারে ২১ রান দরকার থাকলেও ১০ রানের বেশি তুলতে পারেননি ব্যাটাররা।টি-টোয়েন্টি শেষ, এবার ওয়ানডে সিরিজের জন্য অপেক্ষা। ৮ এপ্রিল আহমেদাবাদে হবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি।