তৃতীয় টেস্টে থাকছেন না জহির খান
নিউজিল্যান্ডের ভারত সফরে প্রথম দুটি টেস্টই ড্র হয়েছে। সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টটি জয়ের জন্য মরিয়া হয়ে আছে দুই দলই। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বেশ বড় ধরনের ধাক্কা খেয়েছে স্বাগতিক ভারত। কুঁচকির ইনজুরির কারণে তৃতীয় টেস্টে মাঠে নামতে পারবেন না ভারতীয় বোলিং আক্রমণের প্রধান শক্তি জহির খান।হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে চারটি উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি পেস বোলার। কিন্তু চোটের কারণে চতুর্থ দিনের বেশ কিছু সময় মাঠে থাকতে পারেননি। পঞ্চম দিনেও বল করেছিলেন মাত্র তিন ওভার। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র সাত ওভার বল করতে পেরেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে তাড়াতাড়ি গুটিয়ে দিতে না পারার একটা কারণ হিসেবে জহির খানের এই বল না করতে পারাকেই মানছেন অনেকে। এবার তৃতীয় টেস্টেও জহির খান না থাকায় ভারতের বোলিং আক্রমণ নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন।তৃতীয় টেস্টে জহির খানের জায়গায় দলে সুযোগ পেয়েছেন আরেক বাঁ-হাতি পেস বোলার জয়দেব উনাডকট। এ বছর নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন জয়দেব। রঞ্জি ট্রফিতেও ছয়টি প্রথম শ্রেণীর ম্যাচে ২৬.৩৪ গড়ে নিয়েছেন ২৬টি উইকেট। পিটিআই।