গৌতম গম্ভীর রাহুল দ্রাবিড়কে সঙ্গে নিয়ে লড়াইটা সবে শুরু করেছিলেন। আত্মপ্রত্যয়ী এক ফিফটিতে গম্ভীরকে আত্মবিশ্বাসীও মনে হচ্ছিল। কিন্তু দলীয় ১০০ রানে হিলফেনহান দ্রাবিড়কে বোল্ড করে সেই লড়াইয়ে এনে দিলেন ভালো রকম ছন্দপতন। হিলফেনহান আঘাত হেনেছিলেন ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই। দলীয় ১৮ রানে বীরেন্দর শেবাগকে ওয়ার্নারের সহায়তায় বিদায় করেন তিনি। শরীরের কাছাকাছি একটি বলকে অল্প জায়গার মধ্যে স্ল্যাশ করে পয়েন্টে ওয়ার্নারের দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি। আউট হওয়ার আগে শেবাগের নামের পাশে ছিল মাত্র ৪ রান। রাহুল দ্রাবিড় আউট হয়েছেন ২৯ রানে। তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১১৪ রান। রানের পর্বত ডিঙোনোর পথ এখনো অনেক বাকি আছে ভারতের। অস্ট্রেলিয়ার চেয়ে ভারত এখনো ৩৫৪ রানে পিছিয়ে আছে।দ্রাবিড় আউট হওয়ার পর গৌতম গম্ভীরের সঙ্গী হয়েছেন শচীন টেন্ডুলকার। গৌতম গম্ভীর ৬৮ ও শচীন টেন্ডুলকার ৮ রান নিয়ে উইকেটে আছেন। এর আগে মাইকেল ক্লার্কের অনবদ্য ৩২৯, মাইক হাসির অপরাজিত ১৫০ ও রিকি পন্টিংয়ের ১৩৪ রানের ওপর ভর করে রানের ৬৫৯ রানের পর্বতে চড়ে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। একেবারেই অসিদের নিজেদের করে নেওয়া ইনিংসে জহির খান ও ইশান্ত শর্মা ছাড়া আর কোনো ভারতীয় বোলারই সাফল্য পাননি। জহির ৩টি ও ইশান্ত ১ উইকেট নেন। সূত্র: রয়টার্স।