তৃতীয় দিনে আসল অস্ট্রেলিয়া
ম্যাচের বাকি এখনো দুই দিন। কিন্তু এরই মধ্যে নিয়ন্ত্রণ হাতের মুঠোয় পুরেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩৩ রানে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া তৃতীয় দিন শেষে ৪ উইকেটে তুলেছে ৩৩৩ রান। অর্থাৎ এখনই ৩০০ রানের লিড পন্টিংয়ের দলের।অস্ট্রেলিয়ার এই কর্তৃত্বের পেছনে বড় অবদান সাইমন ক্যাটিচের। প্রথম ইনিংসে দলকে সম্মানজনক একটা স্কোর পাইয়ে দিতে করেছিলেন ইনিংস সর্বোচ্চ ৮৮ রান। মাত্র ১২ রানের জন্য যে সেঞ্চুরিটি মিস করেছিলেন, সেটি পেলেন দ্বিতীয় ইনিংসে। ২৬২ বলে ১২টি চারে ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরির করার পর আউট হয়েছেন ১০৬ রানে। এই ইনিংসে সিরিজে ক্যাটিচের ব্যাটিং গড় ৯৭.০০!ক্যাটিচের মতো সেঞ্চুরি পাওয়া হয়নি মাইক হাসির (৬৭)। তবে দুই বন্ধু একই সঙ্গে ৫০তম টেস্ট ম্যাচ উদ্যাপন করেছেন তৃতীয় উইকেটে ১৫৫ রানের জুটি গড়ে।আগের দিনের বিনা উইকেট ৩৫ রান নিয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া। ওয়াটসনের সঙ্গে ক্যাটিচের উদ্বোধনী জুটি ছিন্ন হওয়ার আগে আসে ৮৫ রান। ফর্মে থাকা ওয়াটসন আউট হয়েছেন টিম সাউদিকে পুল করতে গিয়ে। ৬৫ রান করা ওয়াটসন আরও আগে আউট হয়ে যেতে পারতেন, তাঁকে বাঁচিয়ে দিয়েছে রেফারেল পদ্ধতি। দিনের দ্বিতীয় ওভারেই ড্যানিয়েল ভেট্টোরির বলে ওয়াটসনকে এলবিডব্লুর সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলেন পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ। কিন্তু টিভি আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে যান তিনি।ওয়াটসনকে ফিরিয়ে দেওয়ার পর নিজের পরের ওভারেই সাউদি ফিরিয়ে দেন পন্টিংকে। তবে মাত্র ৬ রানের ব্যবধানে বিনা উইকেটে ৮৫ থেকে অস্ট্রেলিয়ার স্কোর ৯২/২। তবে সাউদির এই জোড়া ধাক্কা অস্ট্রেলিয়ার ইনিংসকে প্রভাবমুক্ত রাখে ক্যাটিচ ও হাসির দেড় শতাধিক রানের জুটি। ব্যাটিংয়ে খুবই সতর্ক ছিলেন ক্যাটিচ। কতটা সেটা অনুমান করে নিতে পারেন এই তথ্যে—প্রথম বাউন্ডারি মেরেছেন ১৩৮তম বলে!সাউদির পর নিজের পর পর দুই ওভারে হাসি ও ক্যাটিচকে আউট করেছেন সিমার ব্রেন্ট আরনেল। চা-বিরতির আগে অস্ট্রেলিয়ার রান ছিল ২ উইকেটে ২৪২। কিন্তু বিরতির পর আরনেলের জোড়া আঘাতে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৪৭। এর পর উইকেটে মাইকেল ক্লার্ক ও মার্কাস নর্থের জুটি। দুজনেই অপরাজিত ৪২ রানে। ওয়েবসাইট।