তৃতীয় দিনে ডলির উদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনেও তিনবারের অলিম্পিয়ান ডলি আক্তারের নামগন্ধ ছিল না। অবশেষে ডলি কাল হাসলেন। ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে নতুন জাতীয় রেকর্ড করে জিতে নিলেন সোনা। জাতীয় সাঁতারে আগের দুই দিনের মতো কালও রেকর্ডের বন্যা হয়েছে। কাল বিকেলের পর্বে খেলা হয়নি। সকালে যেটুকু সময়ে হয়েছে, তাতেই ৮টি ইভেন্টে আরও তিনটি জাতীয় রেকর্ড দেখেছে ওয়ালটন ২৪তম জাতীয় সাঁতার। পুলের ঝড় সোনিয়া আক্তার কালও দুটি সোনা জিতেছেন, একটি ব্যক্তিগত ও একটি দলীয়; দুটিতেই জাতীয় রেকর্ড!৬টি ব্যক্তিগতসহ ৮টি সোনা, ৮টিতেই জাতীয় রেকর্ড; পুল এখনো সেই সোনিয়ারই দখলে। তবে কাল কিঞ্চিৎ আলোচনায় এসেছেন ডলি। কালকের আগ পর্যন্ত ২টি ইভেন্টে দ্বিতীয় হয়েছেন, সোনা জিতেছিলেন শুধু দুটি দলীয় ইভেন্টে। তাহলে ডলি কি নিজের সেরা সময় হারিয়ে ফেলেছেন?ডলির খুব আপত্তি এমন প্রশ্নে, ‘না, না। আমার প্রিয় ইভেন্টগুলো তো শেষ দিকে হবে। তাই মনে হচ্ছে, আমি ফর্মে নেই। যে দুটি ইভেন্টে রুপা জিতেছি ও দুটি আমার পছন্দের ইভেন্ট ছিল না।’ডলির প্রিয় ইভেন্ট মানে ব্রেস্ট স্ট্রোক। কাল সেই ব্রেস্ট স্ট্রোকেই ২০০৭ সালে করা মাহফুজা খাতুনের জাতীয় রেকর্ড ভেঙে দিলেন তিনি। ৩ মিনিট ০.২২ সেকেন্ডের রেকর্ডকে নামিয়ে এনেছেন ২ মিনিট ৫৬.৫৭ সেকেন্ডে।সোনিয়া কাল রেকর্ড করেছেন ৫০ মিটার বাটারফ্লাইয়ে। ২০০৮ সালে করা নিজেরই রেকর্ড ভেঙে কাল আনসারের এই সাঁতারু সাঁতার শেষ করেছেন ৩২.১৮ সেকেন্ডে। দিনের অন্য রেকর্ডটি করেছে বাংলাদেশ সেনাবাহিনী, পুরুষদের ৪–২০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে। নিজেদেরই আগের রেকর্ড ভেঙে মাহফিজুর, কামাল, রফিক ও রেজাউল কাল ইভেন্ট শেষ করলেন ৮ মিনিট ১৯.৬১ সেকেন্ডে। ১৩ সোনাসহ ২৬টি পদক জিতে তালিকার শীর্ষে যথারীতি আনসার। ৭টি সোনাসহ ১৭টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে সেনাবাহিনী এবং ৫টি সোনাসহ ১৯টি পদক নিয়ে তৃতীয় স্থানে নৌবাহিনী। বিকেএসপি জিতেছে ২টি সোনা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১টি সোনা। আজ জাতীয় সাঁতারের শেষ (বর্ধিত) দিনের খেলা। সোনা জিতলেন যাঁরাপুরুষমাহফিজুর রহমান (২০০ মিটার বাটারফ্লাই), কামাল হোসেন (২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক), নজরুল ইসলাম (৫০ মিটার বাটারফ্লাই), মাহফিজুর-কামাল-রফিক-রেজাউল (৪–২০০ মিটার ফ্রি-স্টাইল)।মহিলাসবুরা খাতুন (২০০ মিটার ফ্রি-স্টাইল), ডলি আক্তার (২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক), সোনিয়া আক্তার (৫০ মিটার বাটারফ্লাই), সবুরা-ডলি-সোনিয়া-লাবণী (৪–২০০ মিটার ফ্রি-স্টাইল)।