মেলবোর্ন টেস্টের প্রথম দিনই বল-ব্যাটের সমান লড়াই দেখেছিলেন দর্শকেরা। অস্ট্রেলিয়ার কয়েকজন ব্যাটসম্যান যেমন রান পেয়েছিলেন, তেমনি ভারতীয় বোলাররা উইকেট তুলে নিতে ভুল করেননি। দ্বিতীয় দিনে প্রায় গোটা দিনই ছিল ভারতীয় ব্যাটসম্যানদের আধিপত্য। বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার—এই তিন ভারতীয় সেরা ব্যাটসম্যানই পূরণ করেছেন নিজেদের অর্ধশত। দিনের শেষদিকে ৭৩ রান করে শচীন আউট হয়ে যাওয়ার পরই যেন ভারতীয় ব্যাটিং ধসে পড়ল, পুরোনো দিনগুলোর মতোই।তৃতীয় দিনের দ্বিতীয় বলেই নিজের আগের দিনের সংগ্রহের সঙ্গে আর কোনো রান যোগ না করেই আউট হয়ে যান রাহুল দ্রাবিড়। এর পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ। বিরাট কোহলি ১১, ভিভিএস লক্ষ্মণ ২ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৬ রানে আউট হলে অস্ট্রেলিয়ার সংগ্রহের কাছাকাছি যাওয়া তো দূরের কথা সম্মানজনক সংগ্রহই মুশকিল হয়ে পড়ে ভারতের। শেষ পর্যন্ত অবশ্য রবিচন্দ্রন অশ্বিন ৩১ রান করে ভারতীয়দের মুখ কিছুটা হলেও রক্ষা করেছেন। ভারতের প্রথম ইনিংস শেষ হয় অস্ট্রেলিয়ার চেয়ে ৫১ রান পিছিয়ে থেকে।হিলফেনহাস ছিলেন সেরা অসি বোলার। ৭৩ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়ে তিনিই মূলত ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ডটা গুঁড়িয়ে দিয়েছেন। এ ছাড়া সিডল ৬৩ রানে ৩টি ও প্যাটিনসন ৫৫ রানে ২ উইকেট দখল করেন।অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শুরু হয় বিপর্যয়ের মধ্য দিয়ে। দলীয় মাত্র ২৭ রানের মধ্যেই ফিরে যান শীর্ষ চার অসি ব্যাটসম্যান-ওয়ার্নার, কোয়ান, মার্শ ও মাইকেল ক্লার্ক। অভিজ্ঞ রিকি পন্টিং ও মাইক হাসি হাল ধরেন অস্ট্রেলীয় ব্যাটিংয়ের। নিজেদের মধ্যে গড়ে তোলেন ১১৫ রানের একটি জুটি। পন্টিং ব্যক্তিগত ৬০ রানে জহির খানের বলে শেবাগের হাতে ধরা পড়েন। দিনশেষে অবশ্য হাসি অপরাজিত আছেন ৭৯ রানে। অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ১৭৯ রান। ভারতের চেয়ে তাদের অগ্রগামীতা ২৩০ রানের। পন্টিং আউট হওয়ার পর খুব তাড়াতাড়িই ফিরে যান হাডিন, সিডল ও লিওন।ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসেও সেরা বোলার উমেশ যাদব। ৪৯ রানের বিনিময়ে তিনি নিয়েছেন ৪ উইকেট। জহির খান গুরুত্বপূর্ণ মুহূর্তে তুলে নিয়েছেন ২টি উইকেট। ইশান্ত শর্মা ও অশ্বিন দু’জনই দখল করেছেন ১টি করে উইকেট। সূত্র: রয়টার্স।