৭১ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ভারতীয় ইনিংসের ধস থামালেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। তৃতীয় দিনের প্রায় পুরোটা সময় খেলে এই দুই ব্যাটসম্যান ১৯৮ রানের এক লড়াকু জুটি গড়ে তুললেন। চা-বিরতির পর গ্রায়েম সোয়ানের বলে ব্যক্তিগত ১০৩ রানে কোহলি এলবিডাব্লিউ হয়ে বিদায় নেওয়ার পর প্রতিরোধ বাঁধের ‘স্লুইস গেট’টা যেন খুলে যায়। মহেন্দ্র সিং ধোনি পূরণ করতে পারলেন না নিজের সেঞ্চুরিটি। ৯৯ রানে জেমস অ্যান্ডারসনের বল মিড অফে ঠেলে দিয়ে দ্রুতগতিতে শতরানটি পূরণ করতে গিয়েই তিনি কাটা পড়লেন অ্যালিস্টার কুকের সরাসরি থ্রোতে। সারা দিনের প্রতিরোধের পর ভারতের সংগ্রহ ২৯৭ রান। ৩৩ রানে পিছিয়ে থাকা ভারতীয়দের হাতে আছে আর মাত্র ২ উইকেট। অপরাজিত অশ্বিন ব্যাটিংটা পারলেও ইশান্ত শর্মা ও প্রজ্ঞান ওঝা তাঁকে কতটুকু সহায়তা দিতে পারবেন, সেটা কাল চতুর্থ দিনেই জানা যাবে। তবে কোহলি ও ধোনির বড় জুটির পরও বলতে বাধা নেই, নাগপুর টেস্টের তৃতীয় দিনের শেষ হাসিটা কুকদেরই।ইংল্যান্ডের ৩৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়েই ছিল ভারতীয় ব্যাটিং। বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার ও চেতেশ্বর পূজারা প্যাভিলিয়নে ফিরেছিলেন দলীয় ৭১ রানের মধ্যে। এই সিরিজে ব্যাটে খরা চলতে থাকা বিরাট কোহলি এবং সমালোচনার বাণে জর্জরিত মহেন্দ্র সিং ধোনি কাল বিকেলেই প্রতিরোধের প্রতিজ্ঞা নিয়ে উইকেটে দাঁড়িয়েছিলেন। আজ তৃতীয় দিন প্রায় পুরোটা সময় এই দুই ব্যাটসম্যান চালিয়ে গেলেন সেই প্রতিরোধ। তাঁরা নিজেদের রান খরা কাটিয়ে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন ভারতকে। সময় ও বলের সঙ্গে পাল্লা দিয়ে স্কোরবোর্ডে প্রত্যাশামতো রান না উঠলেও নাগপুরের দর্শকদের স্বস্তিতেই রেখেছিলেন এই দুই ব্যাটসম্যান। খুব ধীরগতিতে ২৯৫ বল খেলে কোহলি ১০৩ রান ব্যক্তিগত খাতায় যোগও করেছিলেন। কিন্তু শেষ বিকেলে সোয়ানের এক ঘূর্ণিতে এলবির ফাঁদে পড়ে গেলে প্রতিরোধটা দীর্ঘায়িত করতে পারেনি ভারত। অন্য প্রান্তে অপরাজিত ধোনি ৯৯ রানে আউট হলে ভারতীয় ব্যাটিংয়ের ‘লেজ’ আবারও ব্যর্থ। অলরাউন্ডার নামধারী রবীন্দ্র জাদেজা ফিরলেন অ্যান্ডারসনের চতুর্থ শিকার হয়ে সেই এলবির ফাঁদে পড়ে। পিউস চাওলাও অনুসরণ করলেন জাদেজার পদাঙ্ক। চাওলা আউট সোয়ানের বলে সরাসরি বোল্ড হয়ে। অশ্বিন আবারও একা পড়ে গেলেন। দিন শেষে তিনি অপরাজিত। ব্যাটিংটা তিনি মোটামুটি জানেনও। অশ্বিন কি পারবেন ভারতীয় ইনিংসে কোনোমতে একটা লিড এনে দিতে? তাঁর অবশিষ্ট দুই সঙ্গী যে খুব একটা নির্ভরযোগ্য নন!