প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন ডিন ব্রাউনলি। কেপটাউন টেস্টে নিউজিল্যান্ডের অর্জন শুধু এই একটিই। তবে ব্রাউনলি শুধু দুঃস্বপ্নের এক শুরুর পর নিউজিল্যান্ডের অবশ্যম্ভাবী পরিণতিটাকে একটু বিলম্বিতই করতে পেরেছেন। তবে সেটিও খুব বেশি কোথায়? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টটা তৃতীয় দিনের চা-বিরতির আগেই হেরে গেল নিউজিল্যান্ড। ব্যবধানটাও বিশাল, ইনিংস ও ২৭ রান। তবে প্রথম ইনিংসের ৪৫ রানকে মনে রাখলে দ্বিতীয় ইনিংসে কিউইদের ২৭৫-কে ভালোর চেয়েও বেশি ভালো বলতে হবে। ৪ উইকেটে ১৬৯ রান নিয়ে দিন শুরু করা দলটি পঞ্চম উইকেট হারিয়েছিল ২২৯ রানে। মধ্যাহ্নবিরতির চার মিনিট আগে দ্বিতীয় নতুন বলে আউট হওয়ার আগে ব্রাউনলি করেছেন ১০৯। পরপর দুই ওভারে দুটি ছক্কা মেরেই তিন অঙ্কের ঘরে পৌঁছান এই ডানহাতি। নিউজিল্যান্ডের শেষ ৬ উইকেট পড়েছে ৪৬ রানে। ম্যাচ শেষে বিতর্কিতভাবে অধিনায়কত্ব হারানো রস টেলরের অভিনন্দন পেয়েছেন ব্রাউনলি। এই সিরিজের দলে না-থাকা টেলর টুইট বার্তায় লিখেছেন, ‘দারুণ এক লড়াই, এটা তোমার প্রাপ্য ছিল।’ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ১১ জানুয়ারি শুরু হবে পোর্ট এলিজাবেথে। এএফপি।