তৃতীয় দিনেও আনসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক ৩৪তম জাতীয় সাইক্লিংয়ের দ্বিতীয় দিনে পেছন থেকে উঠে এসে শীর্ষস্থানে বসেছে বাংলাদেশ আনসার। ৬টি সোনা নিয়ে কাল তৃতীয় দিন শেষেও শীর্ষে এই দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তৃতীয় দিনে ৬টি ইভেন্টের ৩টি সোনা জিতেছেন আনসারের সাইক্লিস্টরা, দুটি গেছে বাংলাদেশ রাইফেলসের ঘরে। মেয়েদের ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্টে আনসার আপত্তি তোলায় এই ইভেন্টের ফল স্থগিত রাখা হয়। বিচারকেরা পরে বিজেএমসিকে বিজয়ী ঘোষণা করলে প্রতিযোগিতায় পঞ্চম সোনা পায় তারা। প্রথম দিনে চারটি পদক জিতে এই বিজেএমসিই ছিল শীর্ষে। আজ শেষ দিনে ৬টি সোনার লড়াই। আনসার দলগত চ্যাম্পিয়ন হবে, না বিজেএমসি?১০০০ মিটার টাইম ট্রায়ালে দিনের প্রথম সোনাটি জিতেছেন কাল বিডিআরের রিপন কুমার। এই ইভেন্টে মেয়েদের চ্যাম্পিয়ন আনসারের পারুল আক্তার। পুরুষদের এলিমিনেশন রেসে সোনার পদক গলায় তুলেছেন আনসারের তরিকুল ইসলাম, একই দলের আকাশী সুলতানা জিতেছেন মহিলাদের ইভেন্টে। শামছুল হুদা, রিপন কুমার ও মনোয়ার হোসেনকে নিয়ে গড়া বিডিআর দল পেয়েছেন ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্টের পুরুষদের সোনা।