তৃতীয় বিয়ে করতে চলেছেন আজাহার!
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কংগ্রেস সাংসদ আজাহারউদ্দিনের সঙ্গে স্ত্রী সঙ্গীতা বিজলানীর বিচ্ছেদ হতে চলেছে। তৃতীয় বিয়ে করতে চলেছেন আজাহার। আর তিনি বিয়ে করছেন ভারতের ব্যাডমিন্টন তারকা জাওলা গুত্তাকে। এমন একটি তাজা খবর আজ শুক্রবার মুম্বাইয়ের দ্বিপ্রাহরিক ইংরেজি ট্যাবলয়েডে মিড ডে-তে প্রকাশিত হওয়ার পরই ভারতজুড়ে তুমুল আলোচনা শুরু হয়ে যায়। তবে এ ধরনের খবরের সত্যতা অস্বীকার করেছেন সাংসদ আজাহারউদ্দিন। তিনি এ খরবকে গুজব বলে অবিহিত করেছেন।উচ্চপর্যায়ের সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে, আজাহার-সঙ্গীতার মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। আজাহার এক সপ্তাহের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করতে চলেছেন। পত্রিকাটি জানায়, অন্ধ্রপ্রদেশের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সূত্র জানিয়েছে, হায়দরাবাদের গোপিচাঁদ একাডেমিতে জাওলা এলেই আজাহারকে দেখা যায়। তাঁরা একসঙ্গেই থাকেন। ওই সূত্র জানায়, জাওলাও এখন তাঁর স্বামী চেতন আনন্দের সঙ্গে থাকেন না। এমনকি একসঙ্গে অনুশীলনও করেন না। জানা গেছে, আজাহার জাওলাকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন। এই গাড়িতে চড়ে জাওলাকে হায়দরাবাদে ঘুরতে দেখা গেছে। এ প্রসঙ্গে গোপিচাঁদ কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলছেন, জাওলার কারণেই আজাহার ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের নির্বাচনে অংশ নিয়েছিলেন। যদিও তাঁর সঙ্গে ব্যাডমিন্টনের কোনো সম্পর্ক নেই। অবশ্য নির্বাচনে অংশ নিয়েও পরে নাম প্রত্যাহার করে নেন আজাহার।এদিকে এ খবর প্রকাশিত হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়ে ৪৭ বছর বয়স্ক আজাহারউদ্দিন। তিনি জানান, শত্রুরা এখন তাঁর চরিত্র হননে উঠে-পড়ে লেগেছে। তাঁর ধারণা, ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলেই তাঁর নামে এই কুত্সা রটানো হচ্ছে। তিনি বলেন, সঙ্গীতাকে ডিভোর্স দেওয়ার কোনো প্রশ্নই নেই। তবে এ ব্যাপারে মিড ডের পক্ষ থেকে যোগাযোগ করা হলে জাওলা বলেন, ‘আপনার যা খুশি তা-ই লিখতে পারেন। আমি এ ব্যাপারে হ্যাঁ বা না বলব না।’ তাঁর স্বামী চেতন বলেন, ‘এটি ব্যক্তিগত বিষয়। আমি এ ব্যাপারে মন্তব্য করতে চাই না। কারও ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর অধিকার সংবাদমাধ্যমের নেই।’ এর পরেই ফোনের লাইন কেটে দেন চেতন।অন্যদিকে ওই ট্যাবলয়েডের প্রতিবেদক জানিয়েছেন, আজাহারউদ্দিন আর জাওলাকে অনেক জায়গায় ঘনিষ্ঠভাবে দেখা গেছে। এও জানা গেছে, আজাহারউদ্দিন ২৬ বছরের জাওলাকে একটি বিদেশি গাড়ি উপহার দিয়েছেন। জাওলাও বিবাহিত। তাঁর স্বামী চেতন আনন্দও টেনিস তারকা। চেতন-জাওলা মিক্সড ডাবল জুটি এখন বিশ্বের সাত নম্বর জুটি। প্রথম বিয়ের আট বছর পর আজাহারউদ্দিনের সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর স্ত্রী নওরিনের। আজাহার-নওরিনের দুই ছেলে আসাদউদ্দিন ও আব্বাসউদ্দিন। পরে তিনি বলিউডের নায়িকা সঙ্গীতা বিজলানীকে বিয়ে করেন। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজাহার বহিষ্কারের আগে ৯৯টি টেস্ট ও ৩৩৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।