বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রত্যাশাটা বেড়ে গিয়েছিল বাংলাদেশ হকি দলের। সেই প্রত্যাশার পারদ এখন শুধু ওপরেই উঠছে। দিল্লি-যাত্রার আগে সবার চোখ তাই তৃতীয় রাউন্ডে।১৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের অভিযান। বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ১৩ ফেব্রুয়ারি। প্রথমে বিমানে যাবে কলকাতা, পরদিন রেলযোগে দিল্লি। সময়ের অভাবে দিল্লি গিয়ে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাওয়া যাবে না। তবে ১৬ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়া বা ভারত পেট্রোলিয়ামের সঙ্গে একটা ম্যাচ খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের। বাংলাদেশের গ্রুপ থেকে তৃতীয় রাউন্ডে উঠবে দুটি দল। কাজটা কঠিন। বিশেষ করে শক্তিশালী ভারত, চীন ও আয়ারল্যান্ড গ্রুপে থাকায়। আজারবাইজান নাম তুলে নেওয়ায় যোগ দিয়েছে ওমান। গত বছর এই ওমানকে হারিয়ে এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তাই ওমানের পাশাপাশি গ্রুপের অন্য দল ফিজিকেও হারানোর স্বপ্ন দেখছে। ভারত, চীন ও আয়ারল্যান্ডকে নিয়েই বড় দুশ্চিন্তা হলেও কোচ মাহবুব হারুন আগেই হাল ছাড়ছেন না, ‘এরা অবশ্যই কঠিন প্রতিপক্ষ। তবে এই তিন দল নিয়ে আমাদের অন্য রকম পরিকল্পনা আছে।’ তৃতীয় রাউন্ডে চোখ তাঁর, ‘এই দলটা নিয়ে প্রায় এক বছর ধরে কাজ করছি। প্রস্তুতি খারাপ হয়নি। শুধু অনুশীলন ম্যাচ খেলতে পারিনি, এটাই যা সমস্যা। তবুও আমাদের লক্ষ্য তৃতীয় রাউন্ড।’ কোচের কথার প্রতিধ্বনি অধিনায়ক জাহিদ হোসেনের কণ্ঠে, ‘যেহেতু প্রথম রাউন্ডে লক্ষ্য ছিল দ্বিতীয় রাউন্ডে ওঠার। এবারও পরের রাউন্ডেই দৃষ্টি রাখছি। বেলজিয়ান কোচ মিশেল কিনান এসে যে অনুশীলন করিয়েছেন, সেটাও আশা করি কাজে লাগবে।’ হকি দলের দিল্লি-যাত্রা উপলক্ষে কাল অলিম্পিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনেই কোচ ও অধিনায়ক জানান তাঁদের আশাবাদ।