তৃতীয় সারির দলের কাছেই হোঁচট রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই হেঁট মাথায় মাঠ ছাড়তে হলো রিয়ালকে!
এভাবেই হেঁট মাথায় মাঠ ছাড়তে হলো রিয়ালকে!

শেষ বাঁশি বাজার পর অলিম্পিক ডি জাতিভার খেলোয়াড়েরা যেভাবে উল্লাসে ফেটে পড়লেন, মনে হতে পারে যেন বড় কোনো শিরোপাই জিতে ফেলেছে দলটি। না, সে রকম কিছু নয়। একটা ম্যাচই মাত্র ড্র করেছে তারা। তবে প্রতিপক্ষের নাম যখন রিয়াল মাদ্রিদ, সেখানে স্পেনের তৃতীয় সারির একটি অখ্যাত দলের ড্র করাও তো বিশ্বজয়ের সমান!

এই অবিশ্বাস্য কাণ্ডই কাল নিজেদের মাঠে ঘটিয়ে ফেলেছে ভ্যালেন্সিয়ার দলটি। স্প্যানিশ কিংস কাপে কিংদেরই আটকে ফেলার আনন্দে মেতেছে মাত্র নয় হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামের মালিক ছোট্ট এই ক্লাবটি। কোপা ডেল রের শেষ ৩২ দলের রাউন্ডের প্রথম লেগের খেলায় গোলশূন্য ড্র করে লজ্জায় লাল রিয়াল!

হওয়ারই কথা। লিগে সর্বশেষ পাঁচ ম্যাচে ২০ গোল করেছে রিয়াল। ম্যাচপ্রতি চারটি করে গোল। চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচেও প্রতিপক্ষের জালে ঢুকিয়েছে চার গোল। সেই রিয়ালই কাল একটিও গোলের দেখা পেল না!
দলে ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল আর জাবি আলোনসো ছিলেন না। কিন্তু তার পরও রিয়াল তৃতীয় সারির একটি দলের কাছে হোঁচট খাওয়ার কোনো অজুহাত নিশ্চয়ই দিতে পারে না। শুধু তা-ই নয়, অলিম্পিকের খেলোয়াড়েরা খেলেছেন আঞ্চলিক একটি প্রতিযোগিতায়, রিয়ালের দ্বিতীয় দলও খেলে তাদের চেয়ে এক ধাপ ওপরের লিগে! অলিম্পির বার্ষিক আয় যেখানে ৬ লাখ ইউরো, বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব রিয়াল বছরে আয় করে ৫০০ মিলিয়ন ইউরোরও বেশি! অনায়াসেই তারা ১০০ মিলিয়ন ইউরো গুনে কিনে আনতে পারে খেলোয়াড়।

সেই রাজার দুলালেরা গরিবের উঠোনে গিয়ে অপমানিত হলো। গোল তো দূরের কথা, গোলে সেভাবে শটই নিতে না পারা রিয়ালের খেলোয়াড়েরা কাল বেশির ভাগ সময় কোচ কালো আনচেলত্তিকে মুখ লাল করে চুইংগাম চিবোতেই ব্যস্ত রাখল। ম্যাচ শেষে ‘হ্যাঁ আমরা পেরেছি’ স্লোগানে কয়েক হাজার দর্শক আকাশ কাঁপিয়ে দিল। এমনকি দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও কিছু করতে পারলেন না করিম বেনজেমা, লুকা মরডিচেরা।

রিয়ালের সেন্টার ব্যাক নাচো পরোক্ষে কৃত্রিম ঘাসের মাঠটিকে দায়ী করতে চাইলেও শেষে নিজেও বুঝলেন এই যুক্তি ধোপে টিকবে না, ‘আমরা এ ধরনের মাঠে খেলে অভ্যস্ত নই। বল এখানে ধীরে আসছিল। কিন্তু এটা কোনো অজুহাত হতে পারে না। আমাদের এখন ফিরতি লেগে মনোযোগ দিতে হবে।’

ম্যাচ শেষে মার্সেলোর মতো তারকার কাছ থেকে জার্সি পেয়েই খুশিতে আত্মহারা হলেও অলিম্পিকের ফুলব্যাক হোসে পেরিস কিন্তু বলছেন, ‘বার্নাব্যুতে জেতা অনেক কঠিন হবে, কিন্তু এখনো এই লড়াইয়ে দুই দলেরই সুযোগ সমান।’
ভাবা যায়, রিয়াল আর অলিম্পিকের সুযোগ এখনো কাগজে-কলমে আসলেই সমান-সমান!