তৃতীয় স্থান দক্ষিণ কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান কাপ শিরোপার অন্যতম দাবিদার ছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু সেমিফাইনালে এশিয়ান ফুটবলের আরেক পরাশক্তি জাপানের কাছে ট্রাইবেকারে হেরে শিরোপা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেছে তাদের। তবে এশিয়ান কাপের ১৫তম আসরের তৃতীয় স্থানটা দখল করে সেই হতাশা কিছুটা হলেও দূর করতে পেরেছে কোরিয়ানরা। গতকাল উত্তেজনাপূর্ণ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-২ গোলের ঘাম-ঝরানো জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া।প্রথমার্ধের ৪০ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল কোরিয়া। ১৭ মিনিটের মাথায় উজবেকিস্তান ডিফেন্ডারদের দুর্বলতার সুযোগ নিয়ে টুর্নামেন্টে নিজের পঞ্চম গোলটি করেন কু জা-চেওল। ১১ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন জি-ডং। উজবেক রক্ষণভাগের দৈন্যতা আরও চরমভাবে ফুটে ওঠে ৩৯ মিনিটে কোরিয়ার তৃতীয় গোলটির সময়। জিয়ংয়ের ক্রস থেকে চমত্কার একটি হেড করে কাঙ্ক্ষিত ঠিকানায় বল পাঠিয়ে দেন জি-ডং।প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে থেকে জয় অনেকখানিই নিশ্চিত করে ফেলেছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নামল উজবেকিস্তান। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে একটা গোল শোধ করেন উজবেক স্ট্রাইকার গেনরিক। আট মিনিট পরে উজবেকিস্তানের দ্বিতীয় গোলটিও এসেছে গেনরিকের পা থেকেই। তবে ব্যবধান ৩-২-এ কমিয়ে আনলেও বাকি সময় খেলায় আর সমতা ফেরাতে পারেনি উজবেকিস্তান। ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে কোরিয়ানরা।শিরোপা জয়ের স্বাদ না পেলেও শিষ্যদের পারফরমেন্সে খুবই খুশি দক্ষিণ কোরিয়ার কোচ চো কুয়াং-রে। ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা এশিয়ান কাপে চমত্কার লড়িয়ে মনোভাব দেখিয়েছি। আর এর মধ্য দিয়ে আমরা দুনিয়াকে দেখাতে সক্ষম হয়েছি যে আমরা ভালো ফুটবল খেলতে পারি। এখন আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’আজ রাত সাড়ে আটটায় শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে জাপান ও অস্ট্রেলিয়া। রয়টার্স।