
শুরু আর শেষে হার ১৮০ ও ১২৮ রানে। মাঝে একটিতে ৮ উইকেটে, আরেকটিতেও অনায়াস হার ডাকওয়ার্থ-লুইসে। শ্রীলঙ্কা সিরিজটাকে এবি ডি ভিলিয়ার্স বলেছিলেন ২০১৫ বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজ। সেই প্রস্তুতির শুরুতেই কিনা এমন হোঁচট! দক্ষিণ আফ্রিকার মূল কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর পথচলার শুরুটাও বুঝি এর চেয়ে বাজে আর হতে পারত না। স্বাভাবিকভাবেই উল্টো প্রান্তে শ্রীলঙ্কা। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ে উচ্ছ্বসিত অ্যাঞ্জেলো ম্যাথুস বলছেন, এর চেয়ে বেশি কিছু চাওয়ার ছিল না।
এই সফরে অবশ্য একটা জায়গায় খানিকটা স্বস্তির পরশ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ওয়ানডে ৫৬ রানে জিতে ২০ বছর পর শ্রীলঙ্কার মাটিতে হারাতে পেরেছে শ্রীলঙ্কাকে। কিন্তু সিরিজটা ৪-১-এ হেরে শ্রীলঙ্কা এখনো প্রোটিয়াদের জন্য দুঃস্বপ্নের নামান্তর হয়েই রইল। মাঠের ক্রিকেটে যেমন, তেমনি ডি ভিলিয়ার্সের প্রতিক্রিয়াতেও অসহায় আত্মসমপর্ণ, ‘এমন একটা দলের বিপক্ষে আমরা খেলেছি, সত্যি বলতে যারা ছিল আমাদের ধরাছোঁয়ার বাইরে। আমাদের খেলার ধরন ওদের চেয়ে ভিন্ন, কিন্তু বাস্তবতা হলো এই কন্ডিশনে আমাদের খেলতে হবে ওদের মতো করেই। ওদের কাছ থেকে শিখে আমাদের উন্নতি করতে হবে।’
সিরিজ জয়ের সঙ্গে শ্রীলঙ্কার বড় প্রাপ্তি তরুণ-অভিজ্ঞ সবার দুর্দান্ত পারফরম্যান্স। দিলশান-সাঙ্গাকারার মতো অভিজ্ঞরা যেমন জ্বলে উঠেছেন, তেমনি সংগত করেছেন থিরিমান্নে-চান্ডিমালরা। ম্যাথুসের অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন চান্ডিমাল। সব মিলিয়ে ম্যাথুসের তৃপ্তিটা ধরা পড়ল কণ্ঠেও, ‘এর চেয়ে বেশি কিছু সম্ভবত আর চাইতে পারতাম না। আজ (পরশু) দিলশান-থিরিমান্নে দারুণ ব্যাটিং করেছেন, সাঙ্গাও। দলে এখন সিনিয়র-জুনিয়রের দারুণ সমন্বয়।’
বয়স যত বাড়ছে, সাঙ্গাকারার ব্যাটের ধার যেন বাড়ছে। ৩৫ বছর বয়সীর ব্যাটের ঔজ্জ্বল্যে ম্লান তরুণেরা। ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেছেন এই সিরিজেই (১৬৯), গড়েছেন দেশের হয়ে দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড (৩৭২)। পরশু ৪৫ বলে ৭৫ রানের ইনিংসটার পথে ইনজামাম-উল-হককে (১১৭৩৯) ছাড়িয়ে ওয়ানডের সর্বোচ্চ রানের তালিকায় উঠে এসেছেন চারে (১১৭৯৮)।
সিরিজ-সেরা হয়ে জানালেন, বয়সের সঙ্গে লড়াইটা দারুণ উপভোগ করছেন, ‘আমার বয়স এখন ৩৫, লড়াই করছি ২৩, ২৪, ২৫, ২৬ বছর বয়সীদের সঙ্গে। নিজেকে আরও ফিট রাখা, ব্যাটের ধার ধরে রাখার জন্য তাই বাড়তি শ্রম দিতে হচ্ছে। বলতে পারেন তরুণদের কারণে নিজেকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার তাড়না অনুভব করছি। ব্যাপারটা আমি দারুণ উপভোগও করছি।’
ওয়ানডের রেশ কাটতে না-কাটতেই আজ শুরু হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি লড়াই। চোট কাটিয়ে ফেরা নুয়ান কুলাসেকারাকে পেয়ে শক্তি আরও বেড়েছে শ্রীলঙ্কার। ভিন্ন সংস্করণে দক্ষিণ আফ্রিকা মাঠে নামবে ভাগ্য বদলের আশায়। আজ প্রেমাদাসায় প্রথম ম্যাচ, ৪ ও ৬ আগস্ট পরের দুই ম্যাচ হাম্বানটোটায়। ওয়েবসাইট।