চার বছর আগের সেই রাতটার কথা ভোলেননি আন্তনিও ডি নাতালে। ভিয়েনার আর্নেস্ট হ্যাপোয়েল স্টেডিয়ামে সুযোগ নায়ক হওয়ার। কিন্তু টাইব্রেকারে পেনাল্টি মিস করে উল্টো হয়ে গেলেন খলনায়ক। স্পেনের কাছে হেরে ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ইতালি। এবার প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সেই স্পেন। ভিয়েনার সেই দুঃসহ রাতটাকে ভুলিয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে নেমেছিলেন ডি নাতালে। আক্ষেপ পুরোপুরি ঘোচাতে পারেননি অবশ্য। মারিও বালোতেল্লির বদলি নেমে বলে প্রথম স্পর্শেই করেছিলেন দারুণ এক গোল। তবে এগিয়ে গিয়েও পরে ড্র করেছে ইতালি। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন ও অন্যতম ফেবারিটদের বিপক্ষে ১-১ গোলে ড্রটাই বা খারাপ কী! উদিনেসে ফরোয়ার্ড তাই মোটামুটি তৃপ্তই, ‘চার বছর আগে স্পেনের বিপক্ষে পেনাল্টি মিসটা আমি ভুলিনি। ওদের বিপক্ষে গোল পেয়ে তাই দারুণ লাগছে। আরও ভালো লাগছে বলে প্রথম পা ছুঁইয়েই গোল করতে পেরে। পিরলোর পাসটা ছিল দারুণ, ইতালির হয়ে এটাই আমার সেরা গোল।’ম্যাচের আগে মূল চমকটা দিয়েছিলেন ভিসেন্তে দেল বস্ক, একাদশে কোনো স্ট্রাইকার না রেখে। ইনিয়েস্তা-সিলভারা খারাপ খেলেননি, তবে ফিনিশিংয়ে দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। সেস ফাব্রিগাসের গোলে স্পেন সমতা ফিরিয়েছে। কিন্তু তাঁর বদলে ফার্নান্দো তোরেস নামার পর আক্রমণের ধার বেড়ে যায় অনেক। ম্যাচ শেষে স্ট্রাইকারবিহীন একাদশের কারণটা ব্যাখ্যা করলেন স্পেন কোচ, ‘আমি মিডফিল্ড নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলাম। পরিকল্পনা ছিল বল পায়ে রেখে আক্রমণ শানানো। সেস তো ভালোই খেলেছে। তোরেস নামার পর খেলা আরও উন্মুক্ত হয়ে যায়। সব মিলিয়ে আমরা খারাপ করিনি। ফলাফলে মোটামুটি সন্তুষ্টই।’দেল বস্ক অবশ্য ক্ষোভ ঝেড়েছেন গদানস্কের পিজিই অ্যারেনার মাঠ নিয়ে, ‘এমন শুষ্ক পিচ ফুটবলার বা দর্শক, কারও জন্যই ভালো নয়। পিচ আরও দ্রুতগতির হলে দুদলের জন্যই ভালো হতো এবং আরও ভালো ম্যাচ হতো।’ মাঠ নিয়ে ক্ষোভ ছিল ফাব্রিগাসের কণ্ঠেও। তবে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট বার্সা ফরোয়ার্ড। জানালেন, একাদশে থাকাটা তাঁর নিজের জন্যও ছিল বিস্ময়, ‘একাদশে নাম দেখে নিজেই চমকে গিয়েছিলাম। আমি বিভিন্ন পজিশনে খেলতে পারি। এটাই হয়তো আমার পক্ষে গেছে।’জুভেন্টাসের ফর্মটা জাতীয় দলেও নিয়ে এসেছেন আন্দ্রে পিরলো। পরশু যথারীতি ছিলেন ইতালির প্রাণভ্রোমরা। দলের পারফরম্যান্সেও মোটামুটি তৃপ্ত এই মিডফিল্ডার, ‘আমরা যথেষ্ট ভালো খেলেছি। নিজেদের আমি দশে সাত দেব। পরবর্তী ম্যাচগুলোর জন্য আমাদের আত্মবিশ্বাসের রসদ জোগাবে এই ম্যাচ।’সিজার প্রানদেল্লি কিন্তু দলের পারফরম্যান্সে ততটা সন্তুষ্ট নন। প্রথমার্ধে সুযোগ বেশি পেয়েছিল ইতালিই। কিন্তু দ্বিতীয়ার্ধে চাপের মুখে কিছুটা খাপছাড়া মনে হয়েছে ইতালির রক্ষণকে। ইতালি কোচ তাই শিষ্যদের বললেন মাথা ঠান্ডা রাখতে, ‘বল পায়ে রাখতে হিমশিম খেলে খেপে না গিয়ে ঠান্ডা মাথায় কারণটা খুঁজে বের করতে হবে। ক্লান্ত শরীরের সঙ্গে রাগ যোগ হলে পরিস্থিতি আরও খারাপ হয়।’ইতালির পরের ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে, ১৪ জুন। ওই দিনই স্পেন খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।