তৃপ্তি অতৃপ্তির একদিন
সারা দিনে বাংলাদেশ কত ওভার ব্যাটিং করল সেটার দিকে না তাকিয়ে শুধু রানটার দিকে তাকান। ৮ উইকেটে ৩৩০—ওয়ানডের জন্য অনেক বড় স্কোর সন্দেহ নেই। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ বা সাকিব আল হাসানের ব্যক্তিগত ইনিংসগুলোও ওয়ানডেতে দারুণ হাততালি পাবে। এই ইনিংসগুলো তাঁরা খেলেছেন কাল বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনে। যে দিনটির শেষে স্কোরবোর্ডের দিকে তাকিয়ে খুব জোরে হাততালি দিতে পারছেন না তামিম নিজেও।টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশ দলের এক দিনে তোলা সবচেয়ে বেশি রান ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লায় করা ৫ উইকেটে ৩৫৫ রান। পরেরটা এত দিন ছিল ৯ উইকেটে ৩১৫, শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৫ সালে চট্টগ্রামে। আর এখন কালকের ৩৩০। কিন্তু এই ৩৩০ যতটা না ভালো খেলার স্মৃতিচিহ্ন, তার চেয়ে বেশি যেন আরও ভালো না হওয়ার আফসোস। ভালো শুরুর পরও সম্ভাবনাময় ইনিংসের অপমৃত্যু জন্মদিনেও মন খারাপ করা এক বিকেল এনে দিল তামিমকে, ‘হতাশ হওয়ার মতোই ব্যাপার। জন্মদিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দলের জন্য কিছু করা। আমি বড় ইনিংস খেলতে পারলে দলের রানটা চার শর বেশি হতো।’ শুধু নিজের কারণেই নয়, তামিমের অতৃপ্তি বাড়িয়ে দিচ্ছে অন্যদের অপূর্ণ ইনিংসগুলোও, ‘আজ (গতকাল) যেটা খেলেছি, এটা ওয়ানডে ক্রিকেটে খেললে খুবই চমত্কার হতো। কিন্তু টেস্ট ক্রিকেটে ৩০-৪০-এর কোনো মানে নেই। আমি, সাকিব, রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) সবাই ভালো শুরু করে আউট হয়ে গেছি। টেস্ট ক্রিকেটে একজনকে একটা বড় ইনিংস খেলতে হবেই। আমার কমপক্ষে ১২০ করা উচিত ছিল, রিয়াদ আর সাকিবের একজন ৭০-৮০ করলে খুব ভালো হতো।’তামিম নতুন কিছু বলেননি। কিন্তু এই উপলব্ধির পরও কেন সেই একই জায়গাতেই বারবার হোঁচট খাচ্ছেন ব্যাটসম্যানরা? তামিম জানালেন ড্রেসিংরুম এখন এই সমস্যা থেকেই বেরিয়ে আসার উপায় খুঁজছে, ‘সব সময়ই এ নিয়ে আমাদের মধ্যে কথা হয়। এটা একটা বড় সমস্যা। কেউ যদি সেঞ্চুরি করে, ৪০ রানের ইনিংসগুলো যদি ৮০ হয়ে যায়, দলের রান ৪০০ হবেই। এ সমস্যা কীভাবে কাটিয়ে ওঠা যায়, তা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। তবে আগে কিন্তু ৩০-৪০-ও হতো না। এখন হচ্ছে। ভবিষ্যতে হয়তো আরও ভালো হবে।’ভাবতে পারেন সেটার জন্য বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের ধরনটাও বুঝি বদলাতে হবে! অন্যদের চিন্তাভাবনা যা-ই হোক, নিজের ব্যাটিং নিয়ে তামিম অন্তত সে রকম কিছু ভাবছেন না, ‘প্রত্যেকেরই খেলার আলাদা আলাদা ধরন থাকে। আমিও অনেক দিন ধরে বোঝার চেষ্টা করছিলাম কীভাবে ভালো খেলা যায়। বল ছেড়ে, নাকি আক্রমণ করে? এখন মনে হয় যেভাবে ব্যাটিং করছি সেটাই আমার জন্য ঠিক আছে। কখনো এটা দেখতে অসাধারণ লাগবে, কখনো কুিসত লাগবে। তাও আমি মেনে নিচ্ছি। কারণ এভাবেই আমি রান করে আসছি, এভাবেই আমি রান করব।’তামিমের কথার পাল্টা যুক্তি আসতে পারে, তবে তর্কে তামিমই হয়তো জিতবেন। কাল ওই মারকাটারি ব্যাটিং করেই যে রেকর্ড বইয়ে নিজের নামটা প্রায় লিখিয়ে ফেলছিলেন তিনি! ইনিংসের ২৩তম ওভারে আউট না হয়ে গেলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে লাঞ্চের আগে সেঞ্চুরি করা পঞ্চম ব্যাটসম্যান হতে পারতেন। পারলেন না জেমস ট্রেডওয়েলের বলে বিতর্কিতভাবে কট বিহাইন্ড হয়ে যাওয়ায়। বলটা হাত ছুঁয়ে যাওয়ার আগে ব্যাট ছুঁয়েছিল কি না, সেই দ্বিধাদ্বন্দ্ব তামিমের ম্যাচ শেষেও, ‘আমি বলব না যে এটা আউট না, আবার এটাও বলব না যে এটা আউট। আমি আসলে নিশ্চিত না। বল যদি একটা জিনিসে লাগত বুঝতে পারতাম, লেগেছে তো ২-৩টা জিনিসে। এসব ক্ষেত্রে ব্যাটসম্যানই সবার আগে বলতে পারে বল ব্যাটে লেগেছে কি না। কিন্তু সত্যি করে বলছি, আমি আসলেই সেটা জানি না।’রেকর্ডে নাম লেখাতে না পারলেও তামিমের ব্যাটিং এর মধ্যেই নজর কেড়েছে ব্রিটিশ মিডিয়ার। বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনে তাই পরপর দ্বিতীয় দিনের মতো উঠে এল প্রসঙ্গটা। এবার অবশ্য কোচকে নয়, সরাসরি তামিমের কাছেই ইংল্যান্ডের এক সাংবাদিক জানতে চাইলেন তাঁর কাউন্টি-স্বপ্নের কথা। তামিমের উত্তর, ‘যদি খেলতে পারি সেটা অনেক বড় সম্মানের ব্যাপার হবে। আমি কাউন্টিতে খেলতে চাইও। আন্তর্জাতিক ক্রিকেটে বড় ইনিংস খেলতে থাকলে সে সুযোগ হয়তো এমনিতেই পাব।’আসলে কাউন্টি ক্রিকেটে খেলা বা রানের মাইলফলক পেরোনো নয়, তামিমের ক্রিকেটার জীবনের লক্ষ্য অন্য জায়গায়। এর আগে ব্যক্তিগত আলোচনায় সেটা বললেও কাল আনুষ্ঠানিকভাবেই গোপন কথাটি ফাঁস করে দিলেন তামিম, ‘সত্যি বলতে কি আমার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। ১০ হাজার বা ১৫ হাজার রান করতে হবে, এ রকম কিছু নেই আমার মধ্যে। একটাই গোপন ইচ্ছা আছে—আমি একটা আইসিসি অ্যাওয়ার্ড জিততে চাই। জানি না সেটা কী। যেকোনো কিছু হতে পারে। তবে এটাই আমার একমাত্র লক্ষ্য।’