তৃপ্তির খোঁজে বার্সা
উৎসবটা ঠিক জমেনি। একে তো লেভান্তের মাঠে খেলা ছিল। তার ওপর লেভান্তের জার্সিটাও মেরুন-বেগুনি ছিল বলে সেদিন বার্সেলোনাকে খেলতে হয়েছে ফ্যাকাশে সবুজ একটা জার্সি পরে। শিরোপা নিশ্চিত করেও তাই উৎসবের অতৃপ্তি নিয়ে ঘরে ফিরতে হয়েছিল পেপ গার্দিওলার দলকে। আজ সেটা কড়ায়-গন্ডায় উশুল করার দিন। আজ বার্সার ‘গার্ড অব অনার’ পাওয়ারও দিন।স্প্যানিশ লিগের রেওয়াজ মেনে আজ ম্যাচ শুরুর আগে দেপোর্তিভো লা করুনিয়ার খেলোয়াড়েরা কুর্নিশ করবেন মেসি-জাভি-ইনিয়েস্তাদের। অবশ্য মেসিরা এই ম্যাচ খেলবেন কি না, নিশ্চিত নয়। লিগের শেষ দুটো ম্যাচে পুরো দলকে অদলবদল করে খেলাতে পারেন গার্দিওলা। এই ম্যাচ দুটো এখন তাঁর জন্য মুফতে পেয়ে যাওয়া চ্যাম্পিয়নস লিগের ‘প্রস্তুতি ম্যাচ’। এত কাছে এসে ২৮ মে শিরোপা না নিয়ে দেশে ফিরতে চান না কোচ।তা ছাড়া অনেকেই বলছেন, এবার চ্যাম্পিয়নস লিগ জিততে পারলে গার্দিওলার দলটাই বার্সেলোনার সর্বকালের শ্রেষ্ঠত্বের মুকুটটা পেয়ে যাবে। ইয়োহান ক্রুইফের ‘ড্রিম টিম’ও দুটো চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি। অবশ্য এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে অনেকেই বার্সার এই দলটাকে ক্রুইফের সেই টানা চারটি লিগ জেতা দলের সঙ্গে তুলনা করছেন। সেই তুলনায় যেতে মোটেও উৎসাহী নন ক্রুইফের দলের ডিফেন্সিভ মিডফিল্ডার গার্দিওলা।তবে তিনি সগর্বে বলছেন যে তাঁর দলটা অনন্য, ‘এই খেলোয়াড়েরা আসলেই অন্য রকম। এমন খেলোয়াড় আর আসেনি। গত আড়াই বছরের ঠাসা সূচিটা কিন্তু আপনাকে বিবেচনায় নিতে হবে। আমার বিশ্বাস, লোকে আমাদের খেলা দেখাটা উপভোগ করেছে। সত্যিই যদি সেটা করে, এটাই হবে আমাদের সবচেয়ে বড় পুরস্কার।’বার্সা শিবিরে যখন উৎসবের আতশবাজি পুড়বে, রিয়াল মাদ্রিদে একটা বেদনার সুর হয়তো বাজবে। টানা তিন বছর ধরে চিরপ্রতিদ্বন্দ্বীদের লিগ শিরোপা জিততে দেখে সর্বাধিকবার স্প্যানিশ লিগজয়ী দলটির কি ভালো লাগে? ক্রিস্টিয়ানো রোনালদো তো সব ঝাল মেটাচ্ছেন বাকি দলগুলোর ওপর। লিগে গত দুই ম্যাচেই সাত গোল করেছেন। লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার ইচ্ছাটা আগেই জানিয়েছেন।দুটো মাইলফলকও তাঁর সামনে। গোলের ‘ফিফটি’ হতে মাত্র এক গোল বাকি। আর এক মৌসুমে স্প্যানিশ লিগে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি থেকে ২ গোল দূরে আছেন ৩৬ গোলের মালিক রোনালদো। সর্বোচ্চ ৩৮ গোলের রেকর্ডটি টেলমো জারা (১৯৫১ সাল) আর হুগো সানচেজের (১৯৯০) অধিকারে।রোনালদো অবশ্য বলছেন, ব্যক্তিগত নয়, দলগত লক্ষ্য নিয়েই তিনি মাঠে নামবেন। উদ্দেশ্য পরিষ্কার, আগামী মৌসুম শুরুর আগে শেষটা ভালো করা। শেষ ভালো যার, সব ভালো তার! এএফপি, রয়টার্স।