
অনুষ্ঠান হলরুমের ধারণক্ষমতা ৮০০। ছড়িয়ে-ছিটিয়ে দাঁড়িয়ে থাকাদের মিলিয়ে দর্শকসংখ্যা ৯০০ ছুঁয়ে গেছে। এটিই যে জনসমুদ্রে রূপ নিতে পারে, মুশফিকুর রহিম উপলব্ধি করতে পারলেন অনুষ্ঠান শেষে। একটি অটোগ্রাফ, একটি ছবি, একটু ছোঁয়া পাওয়ার জন্য এত লোকের ভিড়, টানাহেঁচড়ায় যে খানিকটা হাঁপিয়েই উঠলেন একপর্যায়ে। তবে কোনো অভিযোগ নেই, মুখে অটুট হাসি। বিড়ম্বনার প্রসঙ্গ তুলতেই হাসিমুখে বললেন, ‘লোকের ভালোবাসাকে আমি কখনোই বিড়ম্বনা ভাবি না। ভালোবাসা পেয়েছি বলেই তো এই পুরস্কার।’
মুশফিকের ইঙ্গিত এক হাতের ট্রফির দিকে। পাঠকের ভোটে বর্ষসেরা ক্রীড়াবিদ। ইঙ্গিত দিয়ে বোঝাতে হলো, কারণ আরেক হাতেও ট্রফি। জুরিবোর্ডের রায়ে বর্ষসেরা ক্রীড়াবিদ। এমনিতেই গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে প্রায় নিয়মিত মুখ তিনি। তবে পুরস্কার নিতে দর্শক সারি থেকে মঞ্চে ওঠা হয়নি আগের একবারও। এবার উঠলেন দু-দুবার। জিতলেন সবচেয়ে বড় দুটি পুরস্কার। দলের অধিনায়ক তিনি, গত বছরের পারফরম্যান্সে মাঠের নায়কও। এই দুয়ে মিলে কালকের অনুষ্ঠানেরও নায়ক! সব সতীর্থসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন। দুটি চেক হাতে নিয়ে রসিকতাও করলেন খানিকটা, ‘গত কয়েক দিনে চেক বইয়ের অনেক পাতা হারাতে হয়েছে। এই চেক দুটি তাই বেশ কাজে লাগবে।’
মুশফিকের ভক্ত-অনুসারীদের রসিকতাটি বুঝতে একটুও সময় লাগার কথা নয়। আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম পুরস্কার জয়ের পরপরই ফোন করেছেন হবু বধূ জান্নাতুল কিফায়াতকে। ভেবেছিলেন, অনুষ্ঠানের মাঝে ফোনের পালা শেষ ওখানেই। কিন্তু ফোন করতে হলো আরেকবার। ফোনের ওপ্রান্তে ভাবী জীবনসঙ্গিনী দারুণ খুশি। আর মুশফিক খুশি বউ-ভাগ্যে, ‘ওর সঙ্গে বাগদানের পর থেকেই আমার পারফরম্যান্স ভালো হচ্ছে। সেটারই স্বীকৃতি এই পুরস্কার। ও আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে। আশা করি, ও এভাবেই আমার জন্য সৌভাগ্যের প্রতীক হয়ে থাকবে।’
কেমন ছিল মুশফিকের সেই ভালো পারফরম্যান্স? গত বছরের মার্চে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছিলেন।সেটিও বিদেশের মাটিতে, গলে। জিম্বাবুয়েতে সিরিজে পিছিয়ে থাকা দলকে সমতায় ফিরিয়ে মান বাঁচানোর নায়কও ছিলেন অধিনায়ক।হারারের পেস সহায়ক উইকেটে করেছিলেন ৬০ ও ৯৩। সব মিলিয়ে ৬ টেস্টে ৫৪.৫৫ গড়ে ৪৯১ রান, ৯ ওয়ানডেতে ১৯৮ ও ৪ টি–টোয়েন্টিতে ১৩৪।তিন সংস্করণ মিলিয়ে ২৫টি ডিসমিসাল। সঙ্গে নেতৃত্ব তো আছেই। সব মিলিয়ে পেছনে ফেলেন লড়াইয়ে থাকা সোহাগ গাজী, সিদ্দিকুর রহমানদের।
এই দিনটির প্রতীক্ষায় ছিলেন অনেক দিন ধরেই। সেই তৃপ্তি খেলা করছিল চোখে-মুখে, শোনা গেল কণ্ঠেও, ‘প্রথম আলোর সবকিছুরই গ্রহণযোগ্যতা অন্য রকম। সবাই জানে এটি বাংলাদেশের ১ নম্বর ক্রীড়া পুরস্কার। এ জন্যই ভেতরে একটা তাগিদ ছিল যে, এই পুরস্কার জিতলে ভবিষ্যতেও বলা যাবে আমি ভালো কিছু করেছি। অন্যদের জিততে দেখে আগে ভাবতাম, আমি কবে পাব। এই প্ল্যাটফর্ম, এত বড় প্রাপ্তি যে এটার তৃপ্তি, আনন্দ বলে বোঝানো যাবে না।’
দুটি পুরস্কারের মধ্যে একটিকে বেছে নিতে বলায় অবশ্য বিপাকে পড়লেন অধিনায়ক, ‘বিচারকদের রায়ে যেটি পেয়েছি, সেটি প্রথম পুরস্কার। প্রথম যেকোনো কিছুরই মাহাত্ম্য অন্য রকম। আর পাঠকের ভোটের ব্যাপার হলো, আমরা খেলিই আসলে দর্শক, সমর্থকদের জন্য। তাদের মন জয় করতে পারার অনুভূতির তুলনা নেই। দুটি পুরস্কারই আমি তাই পাশাপাশি রাখব।’
স্ত্রী-ভাগ্যের কথা বললেও পুরস্কার দুটি উৎসর্গ করেছেন কিন্তু বাবা-মাকে। দর্শক সারি থেকে দুজনকে ডেকেও নিলেন মঞ্চে। অনুষ্ঠান শেষে যখন ছেলেকে নিয়ে সবার টানাটানি, সেদিকে তাকিয়ে তৃপ্ত গলায় বাবা মাহবুব হামিদ বললেন, ‘মুশফিকের মতো ছেলের বাবা হতে পেরে আমি গর্বিত।’