তেইশে থেকেই খুশি পালের্মো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বুড়ো পালের্মো’কে দলে নেওয়ায় কত গঞ্জনা সইতে হলো ডিয়েগো ম্যারাডোনাকে। সেই মার্টিন পালের্মোই বাঁচিয়ে দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ খেলার আশা, বাছাই পর্বে পেরুর বিপক্ষে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে গোল করে। সেদিন বৃষ্টি আর চোখের জল মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল ম্যারাডোনার। কিন্তু চূড়ান্ত পর্বে আর্জেন্টিনা কোচ আবেগের বেশি মূল্য দেবেন, নাকি যুক্তির?প্রশ্নটা উঠছে দলে একগাদা তারকা স্ট্রাইকার থাকায়। হিগুয়েইন-তেভেজ-মিলিতো-মেসিদের ভিড়ে একাদশে জায়গা হবে তো পালের্মোর? বোকা জুনিয়র্সের এই ৩৬ বছর বয়সী স্ট্রাইকারের কথা শুনে অবশ্য মনে হচ্ছে না, দলে থাকা না-থাকা নিয়ে খুব একটা চিন্তিত। ২৩ জনের দলে থাকতে পেরেই নাকি তিনি আহ্লাদিত, ‘আমার যে অভিজ্ঞতা হচ্ছে, তার সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না। বিশ্বকাপে আসাটা একটা স্বপ্ন। আর সেই স্বপ্ন আমি তারিয়ে তারিয়ে উপভোগ করছি। ২৩ জনের দলে থাকাটাই একটা সৌভাগ্যের। আমাকে সুযোগ দেওয়ার জন্য ম্যারাডোনাকে একটা ধন্যবাদ দিতেই হবে। এই তারকায় ভরা একটা দলের অংশ হতে পেরে আমি ধন্য।’একাদশে জায়গা পেতে তাঁকে নামতে হবে প্রতিযোগিতায়। কিন্তু সতীর্থদের সঙ্গে কোনো লড়াইয়ে নামতে মোটেও রাজি নন বোকার রেকর্ড গোলদাতা, ‘আমি তো ওদের সব সময়ই বলি, ওরা কত দুর্দান্ত। অনুশীলনে প্রতিদিনই ওরা আমাকে চমকে দেয়। মেসি বল নিয়ে যেসব কাণ্ড করে—অবিশ্বাস্য! বলে বোঝানো সম্ভব নয়।’আসল কথাটি বললেন সব শেষে, ‘জানি না দলে সুযোগ পাব কি না। পেলে নিজেকে উজাড় করে দেব। টুর্নামেন্ট শুরু হলে এ নিয়ে ভাবা যাবেখন। আমি এখানে সতীর্থদের সাহায্য করতেই এসেছি। যখন আমার ডাক পড়বে, আমি তৈরিই থাকব।’ ওয়েবসাইট।