তেত্রিশ বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার রাতে ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের সম্মানে আয়োজিত প্রীতি ম্যাচে জিতল রিয়াল মাদ্রিদ। টাইব্রেকারে গড়ানো ম্যাচে রিয়ালের জয়ের নায়ক বিশ্বকাপজয়ী গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। তিন-তিনটি স্পটকিক (একটি পেনাল্টি, দুটি টাইব্রেকার শট) ফিরিয়ে মূলত তিনিই হোসে মরিনহোর রিয়ালকে উপহার দিলেন মৌসুমের প্রথম ট্রফি—বেকেনবাওয়ার কাপ। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকা ম্যাচে বায়ার্নকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল।১৯৫৯ সালে যুবদলের হয়ে বায়ার্নে যোগ দেন বেকেনবাওয়ার। ১৯৬৪ সালে মূল দলে প্রবেশের পর ১৯৭৭ পর্যন্ত খেলেছেন বায়ার্ন মিউনিখেই। এই ১৩ বছরে ক্লাবকে চারটি লিগ শিরোপা, তিনবার ইউরোপিয়ান কাপ জেতানো বেনেকবাওয়ার ১৯৭৭ সালে বায়ার্ন ছেড়ে নিউইয়র্ক কসমসে চলে গেলেও তখন কাইজারের সম্মানে কোনো বিদায়ী ম্যাচ আয়োজন করেনি বায়ার্ন। দীর্ঘ ৩৩ বছর পর বায়ার্ন সেই দায় মেটাল পরশু।নিজের সম্মানে দেওয়া ম্যাচে বায়ার্ন জিতলেই হয়তো বেশি খুশি হতেন ‘কাইজার’। কিন্তু ইকার ক্যাসিয়াসের দুটি বিশ্বস্ত হাত সেটা হতে দেয়নি। ম্যাচ শেষে এই ক্যাসিয়াসের হাতেই বিশালাকৃতির বেকেনবাওয়ার কাপটি তুলে দিয়েছেন স্বয়ং বেকেনবাওয়ার। খেলার ৮ মিনিটেই স্পেনের বিশ্বকাপজয়ী দলের তারকা সার্জিও রামোসের ‘কল্যাণে’ পেনাল্টি পায় বায়ার্ন। কিন্তু হোলগার বাডস্টুবারের শটটি ফিরিয়ে দিয়ে রামোসকে দায়মুক্ত করেন ক্যাসিয়াস। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। প্রীতি ম্যাচ বলেই অতিরিক্ত সময় না খেলিয়ে খেলা নিয়ে যাওয়া হয় সরাসরি টাইব্রেকারে। যেখানে বায়ার্নের এডসন ব্রাফহেইড ও হামিত আলটিনটপের শট ফিরিয়ে দেন ক্যাসিয়াস। প্রথম চার শটে বায়ার্ন গোল পায় দুটি। বিপরীতে চার শটেই গোল পায় রিয়াল।চোটগ্রস্ত কাকা ছাড়া রোনালদো, ক্যাসিয়াস, জাবি আলোনসো, নবাগত অ্যাঙ্গেল ডি মারিয়া—তারকাসমৃদ্ধ দলই নামায় রিয়াল। অন্যদিকে চোটের কারণে আরিয়েন রোবেনকে পায়নি বায়ার্ন। ফ্রাঙ্ক রিবেরি মাঠে কাটিয়েছেন ৬০ মিনিট। গত মৌসুমের শেষ দিকে এই বায়ার্নকে হারিয়েই ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন হোসে মরিনহো। রিয়ালে এসে আবার সেই বায়ার্নের বিপক্ষে জয়। মৌসুমের শুরুতে বায়ার্নের মতো ক্লাবের বিপক্ষে খেলতে পেরে মরিনহো দারুণ খুুশি। এএফপি।