তেভেজ আছেন নিজের মতোই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে শাস্তির ভয়, সাময়িক নিষেধাজ্ঞা। এরপর মোটা অঙ্কের জরিমানা। সেটা পার হলে আরও বড় শাস্তির ভয়। না, কোনো কিছুতেই কিছু হয়নি। কার্লোস তেভেজ থোড়াই পরোয়া করছেন ম্যানচেস্টার সিটির সব হুমকি-ধমকি। শাস্তিতেও যেন নির্বিকার। আর তাই সেই যে আর্জেন্টিনায় উড়ে গেলেন, ফেরার নামগন্ধই আর নেই।পরশু তেভেজের ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে বৈঠকে বসেছিল ম্যান সিটি। ওই বৈঠকে থাকার জন্য ইংল্যান্ডে ফিরে যাওয়ার কথা ছিল এই আর্জেন্টাইন স্ট্রাইকারের। কিন্তু সিটির সাবেক এই অধিনায়ক ক্লাবের সিদ্ধান্তকে পাত্তা দেননি। থেকে গেছেন নিজের দেশে। অবশ্য তেভেজকে ছাড়াই তাঁর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সিটির কর্মকর্তারা। বৈঠকের ফলাফল জানা যায়নি এখনো।ক্লাবকে না জানিয়ে তেভেজ আর্জেন্টিনায় চলে যাওয়ায় এমনিতেই আরও চটে আছে সিটি। কোচের নির্দেশ অমান্য করে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেননি। ওই অপরাধে প্রথমে চার সপ্তাহের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরে সেটি কমিয়ে দুই সপ্তাহের বেতন কাটা হয়। তখন মনে হয়েছিল, দুই পক্ষের মধ্যে বরফ হয়তো গলছে। এমনকি কোচ রবার্তো মানচিনি আগের অবস্থান থেকে সরে বলেছিলেন, তেভেজ এখনো সিটির হয়ে খেলতে পারেন।কিন্তু তেভেজের আবারও অবাধ্য হয়ে ওঠায় সেই সম্ভাবনার প্রদীপ নিভে গেছে। সিটি এখন বড় ধরনের জরিমানার কথা ভাবছে বলে সূত্র জানিয়েছে। তেভেজের মুখপাত্র অবশ্য বলেছেন, সিটির ডিসিপ্লিনারি পদক্ষেপ নেওয়ার কোনো খবর তাঁর কাছে নেই। তেভেজ আসলে অসুস্থ। চিকিৎসা সনদ দেখিয়েই তিনি ছুটি নিয়েছেন। ওয়েবসাইট।