তেভেজ-আলোয় উজ্জ্বল সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের শুরুতে আলোচনায় ছিলেন এক আর্জেন্টাইন। শেষে আরেকজন। হাভিয়ের মাচেরানো আলোচনায় ছিলেন ম্যাচে না থেকে। আর কার্লোস তেভেজ, ম্যানচেস্টার সিটির নতুন অধিনায়ক আলোচনায় থাকলেন জোড়া গোল করে। পরশু লিভারপুলকে নিজেদের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বার্তা পাঠাল সিটি, ‘আমরা আসছি!’ ভিআইপি বক্সে বসে চুইংগাম চিবুতে চিবুতে ম্যাচ ‘উপভোগ’ করা ম্যানইউ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকেও একটু চিন্তিতই দেখাল!মাচেরানোকে মাঠে দেখতে না পেয়েই শুরু হয়ে গিয়েছিল গুঞ্জন। বার্সেলোনায় চলে যাওয়া একদম ঠিকঠাক বলেই নাকি আর্জেন্টিনা অধিনায়ক লিভারপুলের হয়ে মাঠে নামতে অস্বীকৃতি জানান। তেভেজের এসব কোনো জটিলতা নেই। মাত্রই দলের নেতৃত্ব পেয়েছেন। লিগের প্রথম ম্যাচে টটেনহামের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে কিছু করতে পারেননি। এদিন দুই গোল করে আলো ছড়ালেন তিনিই। ৫২ মিনিটে মিলনারের কর্নার মিকাহ রিচার্ডসের মাথা ছুঁয়ে আসার পর আলতো ছোঁয়ায় বল ঢুকিয়ে দিয়েছেন জালে। ৬৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন পেনাল্টি থেকে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও সেটি পূর্ণ করতে পারেননি। সিটির প্রথম গোলটি অবশ্য গ্যারেথ বেরির। ১৩ মিনিটেই লিড এনে শেখ মনসুরের মুখে হাসি ফুটিয়ে ছিলেন এই ইংলিশ মিডফিল্ডার।দুই বছর আগে ক্লাবটি কেনার পর এই প্রথম নিজের মাঠে খেলা দেখতে এসেছিলেন আবুধাবির এই ধনকুবের। ম্যাচের শুরুতেই স্টেডিয়ামের হাজার পঞ্চাশেক দর্শক দাঁড়িয়ে করতালিতে অভিনন্দিত করেছেন তাঁকে। করারই কথা। এই দুই বছরে ক্লাবটিতে তাঁর বিনিয়োগের পরিমাণ ১০০ কোটি ডলার ছুঁয়ে ফেলেছে। এর মধ্যে এবারই ১০০ মিলিয়ন ডলার ঢেলেছেন তিনি খেলোয়াড় কিনতে। প্রথম দুই ম্যাচে দুই শক্ত প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলে ৪ পয়েন্ট নিয়ে সিটিও যেন এই মৌসুমেই ইংলিশ ফুটবলের পরাশক্তি হয়ে ওঠার আভাস দিয়ে রাখল।তবে লিভারপুলের মতো দলের বিপক্ষে এত বড় জয় পেয়েও কোচ রবার্তো মানচিনি অত্যন্ত সংযমী। সিটি এবারই শিরোপার দাবিদার হয়ে উঠবে—এ ধরনের আলাপে যেতেই আপত্তি তাঁর, ‘এসব নিয়ে আমি ভাবছিই না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটা ম্যাচে উন্নতি করা।’ তবে এই জয়ের একটা তাৎপর্য তো দেখছেনই, ‘আসলে মানসিক দৃঢ়তা খুবই গুরুত্বপূর্ণ। দলের মানসিকতা যদি দৃঢ় হয়, তাদের পক্ষে যেকোনো দলকেই হারানো সম্ভব।’দেখাই যাক, এই আত্মবিশ্বাসের উত্তুঙ্গ হাওয়ার জোরে সিটি কতদূর এগোয়। ওদিকে লিভারপুলের দুর্দশা মনে হয় এই মৌসুমেও কাটবে না। পুরো ম্যাচে কোচ রয় হজসনকে মনে হলো বিশ্বের সবচেয়ে বিষাদগ্রস্ত মানুষ। ‘আমরা কিন্তু মোটেও ৩-০ গোলের বড় পরাজয়ের মতো খারাপ খেলিনি’—ম্যাচ শেষে কোচের এই মন্তব্য বেশ কিছু সুযোগ মিস করা আর সিটি গোলরক্ষক জো হার্টের আরেকটি দুর্দান্ত প্রদর্শনীর সারাংশ হয়েই থাকল। স্টিভেন জেরার্ডের একটা শট লেগেছিল পোস্টে। শে গিভেনের বদলে আবারও প্রথম গোলরক্ষক হিসেবে খেলা হার্ট দুবার গোলবঞ্চিত করেছেন ডেভিড এনগগ আর ফার্নান্দো তোরেসকে। এএফপি, রয়টার্স।