তেভেজ এখন গলার কাঁটা
যেন একটা বিষকাঁটা। ঠিক আটকে আছে গলার মাঝখানে। গিলে ফেলা যাচ্ছে না, আবার যাচ্ছে না উগরে ফেলাও। একসময়ের অধিনায়ক, স্বপ্নসারথি কার্লোস তেভেজই এখন ম্যানচেস্টার সিটির জন্য হয়ে দাঁড়িয়েছেন বিরাট এক সমস্যা।‘বিদ্রোহী’ তেভেজকে জানুয়ারির দলবদলের বাজারে বিক্রি করে হাঁফ ছেড়ে বাঁচতে চেয়েছিল সিটি। কিন্তু সিটির কোণঠাসা অবস্থার সুবিধা নিতে গিয়ে তেভেজের ‘যোগ্য দাম’ কেউ নাকি হাঁকায়নি। ইতালির দুই বড় ক্লাব এসি মিলান ও ইন্টার মিলান আগ্রহ দেখিয়েছিল। নাম শোনা গিয়েছিল অনেক টাকা নিয়ে নতুন করে ঝাঁপিয়ে পড়া ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইয়েরও। লিভারপুলও ক্যারল-তেভেজ অদলবদলের প্রস্তাব দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কারও প্রস্তাবই সিটির পছন্দ হয়নি। পরশু তো বন্ধই হয়ে গেল দলবদলের জানালা।এখন কী হবে?এই প্রশ্নের উত্তর আপাতত মিলছে না। সিটির সামনে এখন তিনটি পথ খোলা—এক. পরবর্তী মৌসুমের দলবদল পর্যন্ত অপেক্ষা। দুই. তেভেজের সঙ্গে চুক্তি বাতিল করে তাঁর বিরুদ্ধে মামলা করে দেওয়া। তিন. ঝামেলা মিটিয়ে তেভেজকে আবার ক্লাবে ফেরানো।প্রথম রাস্তাটি সিটির জন্য প্রশস্ত নয়। কারণ পরবর্তী দলবদল শুরু হবে জুলাই-আগস্টে। এই সময় আর্জেন্টিনায় স্বেচ্ছানির্বাসন থেকে তেভেজ ইংল্যান্ডে ফিরলে সিটির জন্য আর্থিকভাবে সেটি হবে ভীষণ অলাভজনক। খামোখাই প্রতি সপ্তাহে তেভেজের ২ লাখ পাউন্ডের বেতনটা গুনতে হবে। না খেলিয়ে কেবল অনুশীলন করিয়ে ২ লাখ পাউন্ড গোনা আর সাদা হাতি পোষা একই কথা।দ্বিতীয় রাস্তাটিও কণ্টাকাকীর্ণ। তেভেজের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করলে সেটার অঙ্ক দাঁড়াবে আনুমানিক ৩ কোটি পাউন্ড (প্রায় ৪০০ কোটি টাকা)। এই বিশাল অঙ্কের টাকা তেভেজের পক্ষে পরিশোধ করা আদৌ সম্ভব বলে মনে হয় না। তা ছাড়া চুক্তি বাতিল করলে তেভেজ ‘ফ্রি এজেন্ট’ খেলোয়াড় হয়ে যাবেন। এতে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের সঙ্গে নতুন কোনো ক্লাবের সঙ্গে চুক্তি হলে সেই টাকা আর সিটি পাবে না।আপাতদৃষ্টিতে তাই তৃতীয় রাস্তাটিই বেশ সুগম মনে হচ্ছে। কিন্তু রবার্তো মানচিনি তো সেই কবেই ঘোষণা করে বসে আছেন, সিটির দুয়ার তেভেজের জন্য চিরতরে বন্ধ। মিউনিখ-কাণ্ডের পর তেভেজও সম্পর্কের বরফ গলানোর কোনো চেষ্টাই করেননি। বরং উদ্ধত আচরণ করেছেন। তাতে সম্পর্কের আরও অবনতিই হয়েছে। গত সপ্তাহে ক্লাবের চেয়ারম্যান খালদুন আল মুবারক জোরালো ভাষায় জানিয়ে দেন, জানুয়ারিতে তেভেজের যোগ্য ক্রেতা না পাওয়া গেলে সিটি তাঁকে কোনোমতেই বিক্রি করবে না। ধরেই রাখবে।তাহলে কি সাদা হাতিই পুষবেন মানচিনি?এখানেই একটু আশার আলো দেখা যাচ্ছে। কদিন আগে সহকারী কোচ ডেভিড প্লাট মন্তব্য করেছিলেন, সিটির জার্সি গায়েই দেখা যেতে পারে তেভেজকে। সংবাদ সম্মেলনগুলোয় তেভেজের প্রশ্ন শুনে শুনে ক্লান্ত মানচিনিও গত সপ্তাহে বলেছেন, ‘কার্লোসের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই।’ শান্তির সাদা পতাকা ওড়াচ্ছেন ইতালিয়ান এই কোচ!পরিস্থিতিও অনেকটা বাধ্য করেছে। চার ম্যাচের জন্য মারিও বালোতেল্লি নিষিদ্ধ হওয়ার পর সিটির স্ট্রাইকার-সংকট আরও পরিষ্কার। ১৯৬৮ সালের পর লিগ শিরোপা জিততে উন্মুখ সিটি এরই মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারানোর হুমকিতে। গত লিগের সর্বোচ্চ গোলদাতা তেভেজ ফিরতে চাইলে সিটি হয়তো সাদরেই বরণ করে নেবে।কিন্তু তেভেজও যে ‘আর কোনো দিনই ইংল্যান্ডে খেলব না’ বলে গোঁ ধরে বসে আছেন! রয়টার্স।