তেভেজ কি ‘জিপসি’ খেলোয়াড়!
ফুটবলে ‘জিপসি কোচ’ আছেন বেশ কয়েকজন। কোথাও শেকড় গেড়ে বসেন না, ভবঘুরের মতো এক দেশ থেকে চলে যান আরেক দেশে। জিপসি খেলোয়াড়দের নাম তেমন একটা শোনা যায় না। তবে কার্লোস তেভেজের যে ভাবভঙ্গি, তাতে উপাধিটা হয়তো শিগগিরই জুড়ে বসছে তাঁর নামের আগে!২০০৪ থেকে ২০০৯—এই পাঁচ বছরে আর্জেন্টাইন স্ট্রাইকার দল পাল্টেছেন চারবার। রাগি হেডমাস্টার অ্যালেক্স ফার্গুসনকে পর্যন্ত দু-চার কথা শুনিয়ে ছেড়ে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেড। এর পর যোগ দিলেন ম্যানইউয়ের নগর প্রতিদ্বন্দ্বী সিটিতে। কিন্তু সেখানেও কোচ রবার্তো মানচিনির সঙ্গে বনিবনা হচ্ছে না। কদিন আগে প্রকাশ্যে মানচিনির সমালোচনা করেছিলেন। পাল্টা জবাবে ইতালিয়ান এই কোচ এবার জানালেন, দরজা খোলাই আছে, চাইলে তেভেজ যেখানে খুশি চলে যেতে পারেন।‘দলে কাজ করার সময় কোচ বা খেলোয়াড়ের সুখী থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সে সুখী না থাকে, তাহলে সেটা ক্লাব, দল কিংবা খেলোয়াড় কারও জন্যই মঙ্গলজনক নয়। জানি না, তেভেজ এখানে অসুখী কি না, কিন্তু আপাতত যা আছে তা-ই নিয়েই ওকে তৃপ্ত হতে হবে। কারণ আমাদের সামনে তিনটি অতিগুরুত্বপূর্ণ ম্যাচ’—বলেছেন মানচিনি।চার নম্বরে থেকে আগামী চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে সিটি। এ মুহূর্তে হুট করে তেভেজের কোচ-সমালোচনা ইতিবাচক ঠেকেনি মানচিনির কাছে, ‘খেলোয়াড়দের জন্য সময়টা মহাগুরুত্বপূর্ণ। মাঠে তাদের সবটুকু ঢেলে দিতে হবে। তেভেজের চুক্তির মেয়াদ আরও চার বছর আছে। ওর যদি এখানে ভালো না লাগে অনায়াসে ও ক্লাব পাল্টাতে পারে। শুধু তেভেজের নয়, দলের জন্যও সেটি মঙ্গলজনক হবে।’তেভেজের মূল আপত্তি মানচিনির অনুশীলন করানোর ধরন নিয়ে। কিন্তু আপত্তির কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মানচিনি, ‘একই দিনে দুবার অনুশীলন করা হয়েছে—গত পাঁচ মাসে এমন ঘটনা ঘটেছে মাত্র চারবার। এর দুবার আবার ও আর্জেন্টিনায় ছিল, একবার তো অনুশীলনই করেনি। ওর আপত্তির কারণটা বুঝতে পারছি না।’ একান্তে তেভেজের সঙ্গে আলাপও হয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘আমি জানি না ওর কোনো সমস্যা আছে কি না, তবে ও কিন্তু এখন কঠোর পরিশ্রমই করছে। আমি ওর সঙ্গে কথাও বলেছি। আশা করি, পরের তিনটি ম্যাচে ও তিন কি চারটি গোল করবে। এর পর আমরা আলাপ করতে পারি কোনো সমস্যা আছে কি না।’সেই আলাপে যদি ইতিবাচক কোনো ফল না বেরোয়, হয়তো আবারও ক্লাব পাল্টাতে দেখা যাবে এই ২৬ বছর বয়সীকে। নয় বছরের ক্যারিয়ারে যেটি হবে ষষ্ঠবারের মতো দলবদল! রয়টার্স।