তেভেজ গ্রেপ্তার!
থানাহাজতে থাকতে কেমন লাগে, সেই অভিজ্ঞতা হয়ে গেল কার্লোস তেভেজের। মাত্রই গত সপ্তাহে দারুণ এক গোল করে ম্যানচেস্টার সিটিকে জিতিয়েছেন। প্রশংসার বদ্বুদে ভাসতে না-ভাসতেই ভুল কারণে হুট করে খবরে চলে এলেন এই আর্জেন্টাইন। তেভেজ গ্রেপ্তার! অবশ্যই গুরুতর কোনো কারণে গ্রেপ্তার হননি। ইংল্যান্ডে গাড়ি চালানো নিয়ে সেই শুরুর দিনগুলো থেকেই ঝামেলার মধ্যে আছেন। সর্বশেষ গত জানুয়ারিতে ইংল্যান্ডে গাড়ি চালানোর ব্যাপারে তাঁর ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। সেটিরই তোয়াক্কা না করে গাড়ি চালাতে গিয়েই গ্রেপ্তার হয়েছেন ২৯ বছর বয়সী। অবশ্য জামিনে ছাড়াও পেয়ে গেছেন। আপাতত ছাড়া পেলেও তেভেজের মাথার ওপর ঝুলছে শাস্তির খড়্গ। তেভেজের জেলও হয়ে যেতে পারে। নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চালানোর সর্বোচ্চ শাস্তি যে ছয় মাসের জেল এবং ৫ হাজার পাউন্ড জরিমানা। অবশ্য এ ধরনের শাস্তির ক্ষেত্রে আদালত তারকাদের কারাদণ্ডের পরিবর্তে বিভিন্ন ধরনের সামাজিক কাজের নির্দেশ দিয়ে থাকেন। দেখা যাক, কী আছে তেভেজের কপালে! এএফপি।