তেভেজ জেতালেন সিটিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ বাকি ১০টি। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ১২ পয়েন্ট পিছিয়ে ম্যানচেস্টার সিটি। সামনের সব কটি ম্যাচে নিজেদের জিতলেই শুধু হবে না, কামনা করতে হবে ইউনাইটেডের অমঙ্গলেরও। ১৯৯৭-৯৮ মৌসুমে আর্সেনাল ১২ পয়েন্ট পিছিয়ে থেকেও ইউনাইটেডকে টপকে জিতে নিয়েছিল শিরোপা। সেবার অবশ্য ম্যাচ বাকি ছিল ১৩টি। রবার্তো মানচিনি এখন কি আর্সেন ওয়েঙ্গারের পরামর্শ চাইবেন?ব্যবধানটা ১২ পয়েন্ট না হয়ে ১৪-ও হতে পারত। গত পরশু অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়টা যে এসেছে ন্যূনতম ব্যবধানে! বিরতির ঠিক আগে কার্লোস তেভেজের গোলটাই জেতায় সিটিকে। এই অবস্থা থেকে শিরোপা জয় কষ্টকল্পনাই। তার পরও হাল ছাড়ছেন না মানচিনি, ‘আমরা জানি এটা কঠিন হবে। কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে। ১২ পয়েন্টের ব্যবধান ধরে রাখাটা গুরুত্বপূর্ণ ছিল। চ্যাম্পিয়নশিপ এখনো শেষ হয়ে যায়নি। এটাই ফুটবল, কোনো কিছুই এখানে অসম্ভব নয়।’ নিজেদের করণীয়টাও বাতলে দিয়েছেন, ‘আমাদের বাকি সব ম্যাচ জিততে হবে। ওদের (ইউনাইটেড) হারতে হবে চার-পাঁচটি ম্যাচে।’গত মৌসুমেই ছয় ম্যাচ বাকি থাকতে ৮ পয়েন্ট পিছিয়ে ছিল সিটি। শেষ দিনের নাটকীয়তায় শিরোপা জিতেছিল তারাই। এবারও তাই অলৌকিক কিছুরই প্রত্যাশা সিটির ইতালিয়ান কোচের।লা লিগায় আলভেরো নেগ্রেদোর হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে ৪-১ গোলে হারিয়েছে সেভিয়া। বাঁচিয়ে রেখেছে ইউরোপা লিগে খেলার আশাও। ৩৫ পয়েন্ট নিয়ে সেভিয়া এখন দশ নম্বরে। এএফপি, রয়টার্স।