তেভেজ নেই, আছেন ডেমিচেলিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসরে কেনাকাটা করতে গিয়েছিলেন মিলানের এক শপিংমলে। পরশু সেখান থেকে ফেরার কয়েক ঘণ্টা পরই তেভেজ শুনলেন দুঃসংবাদটা। বিশ্বকাপ দলে তাঁকে রাখেননি আর্জেন্টিনার কোচ  l ওয়েবসাইট
অবসরে কেনাকাটা করতে গিয়েছিলেন মিলানের এক শপিংমলে। পরশু সেখান থেকে ফেরার কয়েক ঘণ্টা পরই তেভেজ শুনলেন দুঃসংবাদটা। বিশ্বকাপ দলে তাঁকে রাখেননি আর্জেন্টিনার কোচ l ওয়েবসাইট

কার্লোস তেভেজের ভক্তরা রাস্তায় নেমেছিলেন তাঁকে বিশ্বকাপ দলে রাখার দাবিতে। সিরি ‘আ’র শিরোপাজয়ী জুভেন্টাসের হয়ে তেভেজ নিজেও ছিলেন দারুণ উজ্জ্বল। ৩১ ম্যাচে ১৯ গোল করেছেন। কিন্তু আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলার মন গলাতে পারেনি কোনো কিছুই। ২০১১ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর দলে উপেক্ষিত তেভেজ। ব্রাত্য থাকলেন বিশ্বকাপেও। তেভেজকে ছাড়াই বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা করেছেন সাবেলা। চূড়ান্ত দল ঘোষণার জন্য আর্জেন্টাইন কোচ সময় পাচ্ছেন ২ জুন পর্যন্ত।
২০১১ সালের জুলাইয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন তেভেজ। জাতীয় দলের হয়ে সেটাই এ পর্যন্ত তাঁর সর্বশেষ ম্যাচ। সাবেলার দলে ডাক না পাওয়ার কারণ অবশ্য এটা নয়, শৃঙ্খলাজনিত কারণে আর্জেন্টাইন স্ট্রাইকারকে শুরু থেকেই অপছন্দ সাবেলার। গত তিন বছরে যাঁকে দলে ডাকেননি তাঁকে বিশ্বকাপ দলে রাখলে সেটাই হতো বড় চমক।
অবশ্য একেবারে চমকহীন নয় আর্জেন্টিনা দল। প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিস। ২০১১ সালের নভেম্বরে বাছাইপর্বে বলিভিয়ার সঙ্গে ম্যাচের পর এবারই প্রথম সাবেলার ডাক পেলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের হয়ে মৌসুমের শেষের দিকের পারফরম্যান্স দিয়েই জাতীয় দলের কোচের নজর কেড়েছেন ডেমিচেলিস। প্রাথমিক দলে আছেন ভেরডার ব্রেমেনের ফ্রাঙ্কো ডি সানতো। তবে এর আগে চেলসি, ব্ল্যাকবার্ন ও উইগানে খেলা এই স্ট্রাইকার চূড়ান্ত দলে থাকবেন কি না তা নিয়ে সংশয় আছে যথেষ্ট। উপেক্ষিত রয়ে গেছেন টটেনহামের উইঙ্গার এরিক লামেলা ও প্যারিস সেন্ট-জার্মেইয়ের হাভিয়ের পাস্তোরে। এএফপি৷

আর্জেন্টিনার ৩০ সদস্যের বিশ্বকাপ দল
গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার, অগুস্তিন ওরিয়ন৷
ডিফেন্ডার: পাবলো জাবালেতা, ফেদেরিকো ফার্নান্দেজ, এজেকুয়েল গারাই, মার্কোস রোহো, হুগো কাম্পানিয়ারো, মার্টিন ডেমিচেলিস, হোসে বাসান্তা, নিকোলাস ওটামেন্দি, লিসান্দ্রো লোপেজ, গাব্রিয়েল মের্কাদো৷
মিডফিল্ডার: হাভিয়ের মাচেরানো, ফার্নান্দো গ্যাগো, লুকাস বিগলিয়া, এভার বানেগা, রিকার্ডো আলভারেজ, অগুস্তো ফার্নান্দেজ, হোসে সোসা, অ্যাঙ্গেল ডি মারিয়া, ম্যাক্সি রদ্রিগেজ, ফ্যাবিয়ান রিনাউদো, এনজো পেরেজ৷
ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, রদ্রিগো প্যালাসিও, এজেকুয়েল লাভেজ্জি, ফ্রাঙ্কো ডি সানতো।