তেভেজ সব সময় উল্টো রথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্টো রথে চড়তেই বুঝি বেশি পছন্দ কার্লোস তেভেজের। ম্যানচেস্টার সিটি যখন তাঁকে খুব করে চাইছিল, দলের নেতৃত্বভারও দিয়েছিল সঁপে; তেভেজ তখন মরিয়া সিটি ছাড়ার জন্য। কোচের সঙ্গে ঝগড়া পর্যন্ত করলেন। কিন্তু এবার যখন সিটি ‘মুক্তি’ দিতে চাইছে তেভেজকে, আর্জেন্টাইন স্ট্রাইকার বলছেন, সোনার খাঁচাতেই বন্দী থাকতে চান। সিটিতেই থিতু হয়েছেন জানিয়ে তেভেজ বলেছেন, আপাতত তাঁর ইচ্ছা এখানেই থেকে যাওয়ার।সিটির হয়ে গতবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পরেই সিদ্ধান্ত পাল্টেছেন বলে মনে হচ্ছে তেভেজের কথা শুনে, ‘মনে হচ্ছে এই ক্লাবেই আমি থিতু হয়েছি, কঠোর পরিশ্রমও করে যাচ্ছি। সব খেলোয়াড়েরই লক্ষ্য থাকে লিগটা ভালোমতো কাটানো, আবার চ্যাম্পিয়ন হওয়া। চ্যাম্পিয়নস লিগেও যত দূর সম্ভব যাওয়া। দলের সব খেলোয়াড়ই এখন এটাই চাইছে, ক্লাবও।’তেভেজ থেকে যেতে চাইলেও রবার্তো মানচিনি আর এই ‘আপদ’ সামলাতে রাজি নন। তাঁর দুই মূল স্ট্রাইকার। একজন তেভেজ অন্যজন মারিও বালোতেল্লি। দুজনই যদি খ্যাপা স্বভাবের হয়, কোচের জন্য রাতের ঘুম হারাম হয়ে যাওয়ারই কথা। তেভেজকে গতবারই বেচে দিতে চেয়েছিল সিটি। যোগ্য ক্রেতা পাওয়া যায়নি। এবার মিলেছে। জ্লাতান ইব্রাহিমোভিচকে পিএসজির কাছে বেচে দিয়ে তেভেজকে কিনতে চায় এসি মিলান। সিটি তেভেজের দর হেঁকেছে দুই কোটি ২০ লাখ পাউন্ড। তেভেজকে বেচে দিয়ে সেই টাকায় আর্সেনাল থেকে রবিন ফন পার্সিকে কিনে আনতে চান মানচিনি। গত শীতকালীন দলবদলেও তেভেজকে কিনতে চেয়েছিল মিলান। আলাপ-আলোচনা অনেক দূর এগোলেও শেষ পর্যন্ত চুক্তিটা হয়নি। তবে এবার হয়ে যাবে বলেই মনে হচ্ছে। ইব্রা আর থিয়াগো সিলভাকে বেচে দিলে মিলানের হাতে আসবে পাঁচ কোটি ২০ লাখ পাউন্ড। তেভেজকে কিনতে কোনো সমস্যাই হবে না। আর সিটিও তেভেজকে বেচে দিতে আগ্রহী আরেকটি কারণে। সপ্তাহে আড়াই লাখ পাউন্ড বেতন পান এই আর্জেন্টাইন। তেভেজ খেলুন আর না-ই খেলুন, এই বেতন গুনে যেতে হয় সিটিকে। বাজেট সামাল দিতে তেভেজকে বেচে দেওয়াই হবে মঙ্গলজনক। সিটির সঙ্গে তেভেজের চুক্তির মেয়াদ অবশ্য আছে আরও দুই বছর। ওয়েবসাইট।