তেভেজও বলছেন ‘অফসাইড’
এক দিক দিয়ে কার্লোস তেভেজ তাঁর শৈশবের নায়ক ডিয়েগো ম্যারাডোনাকেই অনুসরণ করলেন। ১৯৮৬ বিশ্বকাপে বিতর্কিত গোলটি করে সেদিনই সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন, গোলটি ছিল অবৈধ। তেভেজও জানিয়েছেন, মেক্সিকোর বিপক্ষে তাঁর প্রথম গোলটি ছিল অফসাইড থেকে করা। ‘হ্যান্ড অব গড’-এর ওই গোলের পরপরই ম্যারাডোনা করেছিলেন ‘শতাব্দীর সেরা গোল’টিও। তেভেজও রোববারের ম্যাচে বিতর্কিত প্রথম গোলটির পর দুর্দান্ত ফিনিশিংয়ে করেছেন তাঁর দ্বিতীয় গোল।‘আমি তো প্রথমে ভেবেছিলাম রেফারি বুঝি গোল না হওয়ার বাঁশি বাজিয়েছিলেন। কিন্তু এরপর দেখলাম তিনি গোলের ইঙ্গিত করলেন। আমিও উদ্যাপন শুরু করলাম। খুবই ভালো লাগছিল’—তেভেজের এই প্রতিক্রিয়ার সঙ্গেও মিল থাকল ম্যারাডোনার সেদিনের সেই গোল নিয়ে স্মৃতিচারণায়ও!এমন একটা গোল করে মোটেও অনুতপ্ত নন তেভেজ, ‘আমি জানতাম, আমি অফসাইডে ছিলাম। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি স্বার্থপর। কিন্তু এই অপবাদ মাথায় নিতে আমার কোনো সমস্যা নেই যদি আপনি সেই গোলটি বহাল রাখেন।’সামনেই আর্জেন্টিনার বড় পরীক্ষা। আগের ম্যাচে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়া জার্মানির মুখোমুখি হচ্ছে তেভেজের দল। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার অবশ্য তাতে মোটেও বিচলিত নন। এই আর্জেন্টিনার জয়রথ শুধু জার্মানি কেন, ফাইনালেও কেউ থামাতে পারবে না বলে মনে করেন তিনি, ‘এই দলটা প্রতি ম্যাচেই উন্নতি করছে। প্রতিটা ম্যাচেই আমরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠছি। আমরা জিততে পারি এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দলের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব।’মেক্সিকোর বিপক্ষে ৮০ মিনিট পর্যন্ত মাঠের বাইরে ছিলেন হোনাস গুতিয়েরেজ। দলের প্রয়োজনে উইঙ্গার থেকে ডিফেন্ডার হয়ে যাওয়া গুতিয়েরেজও বলছেন আর্জেন্টিনার পক্ষে বড় কিছু করে দেখানো অবশ্যই সম্ভব, ‘মেক্সিকো ম্যাচটা সহজ ছিল না মোটেও। সেই ম্যাচটা আমরা জিতেছি তিন গোল দিয়ে। আরও বেশি গোল হতেও পারত। তেভেজ দুর্দান্ত খেলেছে। দুর্দান্ত খেলছে আসলে পুরো দলই। আমাদের এই দলে আছে অবিশ্বাস্য ক্ষমতার অনেক খেলোয়াড়। ম্যারাডোনার অভিজ্ঞতা (বিশ্বকাপ জয়ের) কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’এগিয়ে যেতে চান তেভেজও। দুই গোলেই তৃপ্ত নন তিনি। যেমন তৃপ্ত নন কোচ তাঁকে খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে মাঠ থেকে তুলে নেওয়ায়। ‘নিজেকে প্রমাণের জন্য, জাতীয় দলের জার্সিটা পরে আমি যে কতটা গর্ব অনুভব করি সেটি দেখিয়ে দেওয়ার জন্য, আমি এ ধরনের একটা ম্যাচের অপেক্ষায় ছিলাম। মাঠ থেকে তুলে নেওয়ার আগপর্যন্ত তো ভালোই খেলছিলাম। বুঝতে পারছি না আমাকে কেন তুলে নেওয়া হলো’—বলেছেন তেভেজ। ওয়েবসাইট।