তেভেজকে আবারও না বললেন সাবেলা

রোমানিয়ার বিপক্ষে প্রীতিম্যাচে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তার পরও তাদের মাঠ ছাড়তে হয়েছে গোলশূন্য ড্র নিয়ে। কাঙ্ক্ষিত লক্ষ্যে একবারও বল পাঠাতে পারেননি এসময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরো, গঞ্জালো হিগুয়েইনরা। হতাশাজনক এই পারফরম্যান্স আবারও মনে করিয়ে দিয়েছে কার্লোস তেভেজের অনুপস্থিতির কথা। আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা অবশ্য অনড় আছেন আগের অবস্থানেই। তেভেজকে নিয়ে কোনো কথা বলবেন না বলেই জানিয়েছেন আর্জেন্টাইন এই কোচ।
এবারের মৌসুমের শুরুতে জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তেভেজ। এখন পর্যন্ত ইতালিয়ান লিগের ২৫টি ম্যাচে মাঠে নেমে করেছেন ১৫টি গোল। তাঁর দল জুভেন্টাসও আছে পয়েন্ট তালিকার শীর্ষে। বিশ্বকাপের আগের মৌসুমে এ রকম পারফরম্যান্স দেখাতে পারলে সবারই আশা থাকে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার। কিন্তু কোচের সঙ্গে পুরোনো বিবাদের কারণে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তেভেজকে নিয়ে কোনো আলোচনা করবেন না বলেই জানিয়েছেন সাবেলা, ‘এখনকার খেলোয়াড়দের ওপরে আমার আস্থা আছে। স্ট্রাইকারদের ওপরেও আমার আস্থা আছে। তারা সবাই আর্জেন্টিনা ফুটবলের তারকা। আর যারা এখানে নেই তাদের নিয়ে আমি কোনো কথা বলব না।’
২০১১ সালে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা গিয়েছিল তেভেজকে। সে বছরই আর্জেন্টিনার কোচের দায়িত্ব নিয়েছেন সাবেলা। তারপর থেকেই জাতীয় দলে আর সুযোগ মেলেনি তেভেজের।— গোল ডটকম