তেভেজকে ইন্টার মিলানে চান জেনেত্তি
অনেকদিন ধরেই ম্যানচেস্টার সিটি ছেড়ে দেওয়ার কথা বলে আসছিলেন কার্লোস তেভেজ। সম্প্রতি সেই কথাটা আবারও বলেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। এখন তেভেজকে ইন্টার মিলানে নিয়ে আসার জন্য ক্লাব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর আর্জেন্টাইন সতীর্থ জাভিয়ের জেনেত্তি। তাড়াতাড়িই তেভেজকে দলে ভেড়ানোর ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন ইন্টার মিলানের এই অধিনায়ক।সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনেত্তি বলেছেন, ‘আমার হাতে যদি ক্ষমতা থাকত, তাহলে আমি এখনই তেভেজকে ইন্টার মিলানে নিয়ে আসার চেষ্টা করতাম। তেভেজ এমন একজন ফুটবলার, যাকে দলে ভেড়ানোর জন্য যেকোনো দলই উদগ্রীব হয়ে থাকবে। এখন দলবদল কেবল শুরু হয়েছে। আর আশা করছি, এবার হয়তো আমরা কিছু ভালো সংবাদ পাব।’ ম্যানচেস্টার সিটিও অবশ্য খুব সহজেই হাতছাড়া করতে চাইছে না তাদের মাঝমাঠের সবচেয়ে নির্ভরযোগ্য এই খেলোয়াড়কে। সম্প্রতি ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তেভেজকে ছাড়তে রাজি হয়েছে ইংল্যান্ডের এই ক্লাবটি।—ইএসপিএন।