তেভেজকে গ্রন্দোনার জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু থিতিয়েই গিয়েছিল ব্যাপারটা। বিতর্কটা আবার জাগিয়ে তুললেন কার্লোস তেভেজ। ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে সুর মিলিয়ে বললেন, ‘গ্রন্দোনা প্রতারক’। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের এমন মন্তব্যের পাঁচ-ছয় দিন পর মুখ খুললেন হুলিও গ্রন্দোনা। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান আবারও বললেন, ‘ডিয়েগোর জন্য দরজা এখনো খোলা। বাকি সবার মতো ওরও সমান সুযোগ আছে কোচ হওয়ার। তবে আগে যে শর্তগুলো আমি বলেছি, সেগুলো মানতে হবে।’বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর গ্রন্দোনা সবাইকে সাক্ষী রেখে বলেছিলেন, কোচ হিসেবে ম্যারাডোনাকেই রেখে দিতে চান। শেষ পর্যন্ত সেই কথা রাখতে না পারার কারণেই তেভেজের মুখ থেকেও ‘প্রতারক’ অপবাদ তাঁকে শুনতে হলো। কিন্তু এএফএ প্রধান হিসেবে তিন দশক কাটিয়ে দেওয়া এই ৭৮ বছর বয়সী পরশু এক আর্জেন্টাইন রেডিওকে বলেছেন, ‘বলেছিলাম ডিয়েগো থেকে যাক, কিন্তু তাঁর সহকারীদের ব্যাপারে তো কোনো নিশ্চয়তা দিইনি। সময়ই বলে দেবে আমি সত্যি বলেছিলাম, নাকি মিথ্যা। এই পদে ৩১ বছর ধরে কাজ করছি। মিথ্যা বললে কিংবা ব্যর্থ হলে এতদিন থাকতে পারতাম না।’আবেগের শেকল ছিঁড়ে ম্যারাডোনাকে বেরিয়ে আসার পরামর্শও দিলেন এই প্রবীণ ফুটবলব্যক্তিত্ব। সহকারী হিসেবে ম্যারাডোনা যে তাঁর কাছের মানুষদের রাখার জেদ ধরে বসে আছেন, এভাবে কোথাও কাজ করা সম্ভব নয় বলেই মনে করেন গ্রন্দোনা, ‘বন্ধুত্বকে বন্ধুর জায়গায় রাখতে হবে, কাজকে কাজ হিসেবেই দেখতে হবে। সবার ওপরে ফুটবল, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না।’ওই মন্তব্যের পর তেভেজকে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলানো হয়নি। তবে বিলার্দো বলছেন, এর সঙ্গে অন্য কোনো কারণ খোঁজা উচিত হবে না। ‘আমি নিজে ওর রুমে গিয়ে কথা বলেছি। সবকিছু মিটমাট হয়ে গেছে। ওকে আমি সেই ১৩ বছর বয়স থেকে চিনি। অসাধারণ প্রতিভাধর একটা ছেলে। যা হয়েছে, তা স্রেফ ভুল বোঝাবুঝি থেকেই।’রাগ তাঁর ম্যারাডোনার ওপরও নেই। তবে গ্রন্দোনা মুখে যা-ই বলুন, জাতীয় দলের দরজা ম্যারাডোনার জন্য বন্ধই। আপৎকালীন কোচ সার্জিও বাতিস্তাই পূর্ণ মেয়াদে দায়িত্ব পেতে পারেন বলে শোনা যাচ্ছে। গ্রন্দোনাও সে রকম আভাস দিয়ে রাখলেন। তবে কার্লোস বিয়াঞ্চি যে তাঁর পছন্দের তালিকায় আছেন, জানিয়ে রেখেছেন সেটিও। যা-ই হোক না কেন, ডিসেম্বরের আগে স্থায়ী কোচ নিয়োগ হচ্ছে না বলেও স্পষ্ট করলেন আরেকবার।গত অলিম্পিক ফুটবলে সোনা এনে দেওয়া বাতিস্তা নিজে থেকে পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন। এই চাওয়া পূর্ণ হবে কি না, সেটি অনেকাংশে নির্ভর করছে ৭ সেপ্টেম্বর স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটির ফলাফলের ওপর।বাতিস্তা এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন, কোচ হিসেবে তিনি ম্যারাডোনাকে আদর্শ মানছেন না। ম্যারাডোনা-যুগ আর বাতিস্তা-যুগের বিভাজন তাই আরও স্পষ্ট হচ্ছে। ম্যারাডোনা কোচ থাকার সময় যে ত্রিমূর্তির ঠাঁই হয়নি দলে, সেই তিন ফুটবলারের জন্য দুয়ার খোলাই রেখেছেন বাতিস্তা। হুয়ান রোমান রিকেলমে সম্পর্কে তাঁর মন্তব্য, ‘রিকেলমে আর মেসি একসঙ্গে খেললে সেটি দারুণ হবে। অলিম্পিকেও এই জুটি দুর্দান্ত খেলেছে।’ আর দুই ইন্টার-সতীর্থ হাভিয়ের জানেত্তি, এস্তেবান ক্যাম্বিয়াসো সম্পর্কে বাতিস্তার মত, ‘এই দুজন অভিজ্ঞ খেলোয়াড়। এখনো জাতীয় দলে দেওয়ার মতো অনেক কিছুই আছে তাদের।’ ওয়েবসাইট।