তেভেজকে চেয়েছিল টোটেনহ্যাম
গত বছরের সেপ্টেম্বরে কার্লোস তেভেজের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয়েছিল ম্যানচেস্টার সিটির। ইংলিশ এই ক্লাবে তেভেজের ক্যারিয়ার শেষ—এমন মন্তব্যও করেছিলেন ম্যানসিটির কোচ রবার্তো মানচিনি। সে সময় ম্যানসিটির সমর্থকেরা ব্যাপারটিতে হতাশ হলেও তক্কে তক্কে ছিল আরেক ইংলিশ ক্লাব টোটেনহ্যাম হটসপার। তারা আর্জেন্টাইন এই তারকা স্ট্রাইকারকে দলে ভেড়ানোরও চেষ্টা করেছিল বলে স্বীকার করেছেন টোটেনহ্যাম কোচ হ্যারি রেডন্যাপ। কিন্তু সাধ আর সাধ্যের সমন্বয় না হওয়ায় সেই আশা ত্যাগ করতে হয়েছিল তাদের।গত বছরের সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগের খেলায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল তেভেজের বিপক্ষে। তারপর টানা তিন মাস ম্যানসিটির জার্সি গায়ে মাঠে নামতে পারেননি আর্জেন্টাইন এই স্ট্রাইকার। সে সময় তেভেজকে দলে ভেড়ানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন টোটেনহ্যামের কোচ হ্যারি রেডন্যাপ। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি ক্লাবের সভাপতি ড্যানিয়েল লেভিকে বলেছিলাম যে তিনি কার্লোস তেভেজকে দলে এনে দিতে পারবেন কি না। ড্যানিয়েল এর পর এ বিষয়ে খোঁজখবরও নিয়েছিলেন। কিন্তু পরে আর সেটা সম্ভব হয়নি। কারণ তেভেজের পারিশ্রমিক সপ্তাহে দুই লাখ ইউরো। এত দামি একটা খেলোয়াড়কে টোটেনহ্যামের পক্ষে কেনা সম্ভব ছিল না।’তেভেজের উচ্চকিত প্রশংসা করে রেডন্যাপ বলেছেন, ‘তেভেজ একজন অসাধারণ খেলোয়াড়। যখন সে কোনো জার্সি গায়ে মাঠে নামে, তখন তাকে রোখা খুব কঠিন। আর গোল করার ক্ষেত্রেও সে খুব পারদর্শী।’ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের শুরুতে টোটেনহ্যাম প্রথম সারিতে থাকলেও শেষ নয় ম্যাচে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে তারা। এখন তারা আছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। ওয়েবসাইট।