তেভেজকে রাখতে মরিয়া সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের মৌসুমের এফএ কাপ শিরোপা জিতে দীর্ঘদিন পর ম্যানচেস্টার সিটিকে বড় কোনো শিরোপা জয়ের আনন্দে ভাসিয়েছেন কার্লোস তেভেজ। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার তৃতীয় স্থান দখল করে পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের লড়াইয়েও জায়গা করে দিয়েছেন এই ইংলিশ ক্লাবটিকে। এত সব সাফল্যের পর নিজেদের অধিনায়ককে ছাড়তে একেবারেই নারাজ ম্যানচেস্টার সিটি। তাই তাঁকে ধরে রাখতে প্রতি সপ্তাহে আড়াই লাখ ইউরো খরচ করতেও রাজি হয়েছেন ক্লাবটির মালিক শেখ মনসুর। তবে নতুন এই প্রস্তাবে সাড়া দেবেন কি না, তা এখনো ঠিক করতে পারেননি এই আর্জেন্টাইন প্লেমেকার।গতকাল শনিবার ম্যানচেস্টার সিটির মালিকের সঙ্গে এক বৈঠকের পর তেভেজ বলেছেন, ‘শেখ মনসুর আমাকে ধরে রাখতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আর যদি আমি শেষ পর্যন্ত থেকেই যাই, তাহলে থাকব কেবল তাঁরই জন্য। তিনিই আমাকে এখানে নিয়ে এসেছিলেন। এখনো আমাকে ম্যান সিটিতে রাখার জন্য তিনি অনেক কিছু করছেন। তবে তিনি বলেছেন, আমি কী করব সেটা পুরোপুরিই আমার ব্যাপার। তারা গত ডিসেম্বরে আমাকে নতুন একটা চুক্তির প্রস্তাব দিয়েছিল। কিন্তু সে সময় আমি আর চুক্তির মেয়াদ বাড়াতে চাইনি। মৌসুম শেষেও তারা আমাকে আরও একটা নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। তবে এখনো জানি না, আমি এটা গ্রহণ করব কি না।’ম্যানসিটি কোচ রবার্তো ম্যানচিনির সঙ্গে তেভেজের সম্পর্ক খুব একটা ভালো নয়—এমন খবর বেশ কয়েকবারই পাওয়া গেছে। তাঁদের এই মনোমালিন্যের ব্যাপারটা অস্বীকার না করলেও এটাকে খুব বেশি পাত্তা দিতে চান না তেভেজ। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘ম্যানচিনির সঙ্গে আমার মাঝেমধ্যে কিছু বিষয় নিয়ে তর্ক হয়েছে। কিন্তু এগুলো আমার কাছে খুব বড় ব্যাপার নয়। তিনি খুবই ভালো কোচ। আমরা দুজন সব সময় দলের ভালোর জন্যই চিন্তাভাবনা করি।’ দ্যা টেলিগ্রাফ